অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির বিরুদ্ধে শ্রমিকদের মুনাফার অংশের অর্থ নির্ধারিত সময়ে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। কোম্পানিটি দুই অর্থবছরে শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) বরাদ্দ করা প্রায় ৫৯ লাখ ৪ হাজার টাকা ব্যাংক হিসাবে জমা দেয়নি। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশের ৭৭ লাখ ৭৩ হাজার টাকা এখনো বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়নি।

কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব অনিয়ম তুলে ধরেছেন নিরীক্ষক আনিল সালাম ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির বিরুদ্ধে শ্রমিকদের মুনাফার অংশের অর্থ নির্ধারিত সময়ে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। কোম্পানিটি দুই অর্থবছরে শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) বরাদ্দ করা প্রায় ৫৯ লাখ ৪ হাজার টাকা ব্যাংক হিসাবে জমা দেয়নি। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশের ৭৭ লাখ ৭৩ হাজার টাকা এখনো বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়নি।

কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব অনিয়ম তুলে ধরেছেন নিরীক্ষক আনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার এমডি আনোয়ার হোসাইন।

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জন্য শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৭৪ লাখ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২ কোটি ৯৬ লাখ টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে বাকি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অবণ্টিত অবস্থায় ছিল। অর্থাৎ লভ্যাংশ ঘোষণার দীর্ঘ সময় পার হলেও ওই অর্থের পুরোটা বিনিয়োগকারীদের হাতে পৌঁছায়নি।

অন্যদিকে, শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণ তহবিলে অর্থ জমা না দেওয়ার বিষয়টিও নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী, কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণ ও কল্যাণ তহবিলে বরাদ্দ রাখার বিধান রয়েছে।

এই বিধান অনুসারে, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২০২২-২৩ অর্থবছরে ৪৬ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৩ লাখ টাকা ডব্লিউপিপিএফের জন্য বরাদ্দ করেছে। তবে বরাদ্দ করা অর্থ নির্ধারিত ৯ মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেয়নি কোম্পানিটি। ফলে দুই অর্থবছরের মোট ৫৯ লাখ ৪ হাজার টাকা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমা হয়নি।

নিরীক্ষকের মতে, শ্রমিকদের মুনাফার অংশ নির্ধারিত সময়ে ব্যাংক হিসাবে জমা না দেওয়া প্রচলিত শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে শ্রমিকদের প্রাপ্য অর্থ আটকে থাকার বিষয়টি সামনে এসেছে।

এ বিষয়ে জানতে শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আতাউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।