অর্থ বাণিজ্য প্রতিবেদক : তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে প্রায় ১০ লাখ শ্রমিক কর্মসংস্থান হারাতে পারেন বলে আশঙ্কা করছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, বড় অঙ্কের মজুরি বৃদ্ধি হলে ছোট ও মাঝারি কারখানাগুলো আর্থিক চাপে পড়বে। এতে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

নতুন মজুরি কাঠামো নির্ধারণে আজ সোমবার তৃতীয় বৈঠকে বসছে ন্যূনতম মজুরি বোর্ড। বৈঠকে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে প্রায় ১০ লাখ শ্রমিক কর্মসংস্থান হারাতে পারেন বলে আশঙ্কা করছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, বড় অঙ্কের মজুরি বৃদ্ধি হলে ছোট ও মাঝারি কারখানাগুলো আর্থিক চাপে পড়বে। এতে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

নতুন মজুরি কাঠামো নির্ধারণে আজ সোমবার তৃতীয় বৈঠকে বসছে ন্যূনতম মজুরি বোর্ড। বৈঠকে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। জানা গেছে, মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিতে পারে। চলতি মাসের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও পোশাকশিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন মজুরি প্রস্তাব তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও দাম কমেছে। অন্যদিকে উৎপাদন ব্যয় বেড়েছে। এ অবস্থায় বড় অঙ্কের মজুরি বৃদ্ধি হলে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও কর্মসংস্থানের ওপর চাপ তৈরি হতে পারে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংগঠনটির সদস্যভুক্ত ১ হাজার ৭৮টি কারখানা ১ কোটি ডলারের কম মূল্যের পণ্য রপ্তানি করেছে। এসব কারখানা সংগঠনটির মোট সদস্যের প্রায় ৫৭ শতাংশ। আরও ২১ শতাংশ কারখানার রপ্তানি আয় ১ কোটি থেকে আড়াই কোটি ডলারের মধ্যে। অর্থাৎ সংগঠনটির প্রায় ৭৮ শতাংশ কারখানা ছোট ও মাঝারি শ্রেণির। এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা তুলনামূলক কম।

সংগঠনটির হিসাব অনুযায়ী, সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলো গড়ে ০.৩ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়তে পারে। এতে কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে। আর এ পরিস্থিতিতে প্রায় ১০ লাখ শ্রমিক চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছে বিজিএমইএ।

বর্তমানে ২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মাসিক মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে অতিরিক্ত কাজের পারিশ্রমিকসহ অন্যান্য সুবিধা যোগ হলে তার মাসিক আয় দাঁড়ায় প্রায় ১৯ হাজার ৫২০ টাকা। প্রথম গ্রেডের শ্রমিকের ক্ষেত্রে তা প্রায় ২৩ হাজার ৬৬০ টাকা। সব গ্রেডের শ্রমিকের গড় মাসিক আয় প্রায় ২২ হাজার ৫১ টাকা।

এদিকে নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং কারখানার আর্থিক সক্ষমতা—দুই দিক বিবেচনার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সংস্থাটি বলছে, শ্রমিক ও কারখানার তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপ করে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

সিপিডির মতে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারা অনুযায়ী জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি এবং ব্যবসার সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে। তবে বার্ষিক মজুরি বৃদ্ধি এবং নতুন শ্রমিকের প্রবেশকালীন সর্বনিম্ন মজুরি এক বিষয় নয়। বার্ষিক বৃদ্ধির ফলে কর্মরত শ্রমিকদের আয় বাড়লেও নতুন শ্রমিকের সর্বনিম্ন মজুরি এখনো ১২ হাজার ৫০০ টাকা।

মজুরি প্রস্তাব তৈরির ক্ষেত্রে উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য এবং যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সংস্থাটির মতে, শ্রমিকদের মৌলিক চাহিদা মেটানোর ব্যয় মজুরির নিম্নসীমা নির্ধারণ করবে। অন্যদিকে, কারখানার মজুরি দেওয়ার সক্ষমতা বিবেচনায় রাখতে হবে ঊর্ধ্বসীমা নির্ধারণে।

এর আগে গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। প্রস্তাবে প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে পোশাক কারখানার উৎপাদনে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গতকাল রবিবার গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের কারণে ৬৩টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও প্রায় ৩৫টি কারখানায় উৎপাদন চালানো সম্ভব হয়নি।

সাভার ও আশুলিয়া এলাকায় ৩০টি কারখানা আন্দোলনের প্রভাবে পড়েছে। এর মধ্যে ২১টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৯টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতির অবনতি হলে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।