অর্থ বাণিজ্য প্রতিবেদক : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ করতে আরও এক বছর সময় বাড়ানো হয়েছে। ব্যয় না বাড়িয়ে প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পটির ৮৮টি অডিট আপত্তির বিপরীতে জড়িত অর্থের পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯৫ লাখ টাকা। গত জুন পর্যন্ত এসব আপত্তি নিষ্পত্তি হয়নি। পাশাপাশি প্রকল্পের কিছু অবকাঠামো নির্মাণকাজও অসমাপ্ত রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নাধীন এ প্রকল্পের মেয়াদ বাড়ানোর ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ করতে আরও এক বছর সময় বাড়ানো হয়েছে। ব্যয় না বাড়িয়ে প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পটির ৮৮টি অডিট আপত্তির বিপরীতে জড়িত অর্থের পরিমাণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯৫ লাখ টাকা। গত জুন পর্যন্ত এসব আপত্তি নিষ্পত্তি হয়নি। পাশাপাশি প্রকল্পের কিছু অবকাঠামো নির্মাণকাজও অসমাপ্ত রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নাধীন এ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ গত ৯ জুন রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছে।

প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রথমে ২০২৫ সালের ৩০ জুন এবং পরে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এতেও কাজ শেষ না হওয়ায় এবার আরও এক বছর সময় বাড়ানো হয়েছে। সব মিলিয়ে প্রকল্পটির মেয়াদ দাঁড়াচ্ছে সাড়ে ১১ বছর।

আইএমইডির শর্ত অনুযায়ী, ১৬ হাজার ৫৮৭ কোটি ৯৫ লাখ টাকার ৮৮টি অনিষ্পন্ন অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। এ জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থাকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের অসমাপ্ত অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

আইএমইডির শর্তে আরও বলা হয়েছে, নিমতলায় ভবিষ্যতে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য প্রায় ১১৬ একর এবং ঢাকা, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইল জেলায় আরও প্রায় ৩৫ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এসব জমি অধিগ্রহণ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে।

এ ছাড়া ভাঙ্গা জংশন ওভারহেড স্টেশন, অফিস ভবন এবং সিটিসি ভবনে সংকেতব্যবস্থার যন্ত্রপাতি স্থাপন ও চালুসহ সংশ্লিষ্ট কাজ কর্মপরিকল্পনা অনুযায়ী শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নির্মিত অবকাঠামো ও কেনা যন্ত্রপাতির যথাযথ সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে আইএমইডি।

অডিট আপত্তি নিষ্পত্তির প্রয়োজনীয়তা তুলে ধরে আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অডিট আপত্তিগুলো অবশ্যই নিষ্পত্তি করতে হবে। এসব আপত্তি আরও আগেই নিষ্পত্তি করা উচিত ছিল। তবে কেন এত সময় লাগছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, আইএমইডি যখন কোনো শর্ত দেয়, তখন সংশ্লিষ্টদের ওপর এক ধরনের চাপ তৈরি হয় এবং এর ইতিবাচক ফল পাওয়া যায়। অনেক সময় প্রকল্প পরিচালকদের অজ্ঞতার কারণেও অডিট আপত্তি তৈরি হয়। এতে তারা ভুলগুলো সম্পর্কে জানতে পারেন এবং পরবর্তী প্রকল্পে একই ভুল এড়ানোর সুযোগ তৈরি হয়।

বর্ধিত মেয়াদের মধ্যে অডিট আপত্তিগুলো নিষ্পত্তি হবে কি না, তা প্রকল্পসংশ্লিষ্টদের তৎপরতা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, পরিকল্পনা কমিশনের তৎকালীন দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর সময়ও অডিট আপত্তিগুলো অনিষ্পন্ন ছিল। বিষয়টি আইএমইডির নজরে ছিল এবং মেয়াদ বৃদ্ধির শর্তের মধ্যে তা অন্তর্ভুক্ত করা হয়। তবে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনকালে এ বিষয়ে পরবর্তী কোনো অগ্রগতির তথ্য তিনি পাননি।

প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৯৮৯ কোটি টাকা। পরে তা বাড়িয়ে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা করা হয়। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার প্রকল্পটি পর্যালোচনা করে ব্যয় কমিয়ে ৩৮ হাজার ৬১০ কোটি টাকা নির্ধারণ করে। প্রকল্পটিতে অর্থায়ন করছে চীন।

রেলপথ চালু হলেও বিপুল ব্যয়ের এ প্রকল্পের সব কাজ এখনো শেষ হয়নি। এর সঙ্গে হাজার হাজার কোটি টাকার অডিট আপত্তি অনিষ্পন্ন থাকায় প্রকল্পটির আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।