অর্থ বাণিজ্য প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস্‌’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালন করছেন অভিনেতা সালমান খান। তবে তাঁর জায়গায় সঞ্চালক হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। এমনকি সালমানের তুলনায় অনেক কম পারিশ্রমিকেও অনুষ্ঠানটি পরিচালনা করতে রাজি ছিলেন তাঁরা। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ‘বিগ বস্‌’-এর সাবেক ট্যালেন্ট হেড আনন্দ চবন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ চবন এক সাক্ষাৎকারে জানান, ‘বিগ বস্‌’-এর ১৫টি মৌসুমে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘বিগ বস্‌’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালন করছেন অভিনেতা সালমান খান। তবে তাঁর জায়গায় সঞ্চালক হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। এমনকি সালমানের তুলনায় অনেক কম পারিশ্রমিকেও অনুষ্ঠানটি পরিচালনা করতে রাজি ছিলেন তাঁরা। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ‘বিগ বস্‌’-এর সাবেক ট্যালেন্ট হেড আনন্দ চবন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ চবন এক সাক্ষাৎকারে জানান, ‘বিগ বস্‌’-এর ১৫টি মৌসুমে প্রতিযোগী বাছাইয়ের দায়িত্বে ছিলেন তিনি। এ সময় বলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকা সালমানের জায়গায় সঞ্চালক হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

আনন্দের দাবি, কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছিলেন, সালমানকে এত বেশি পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন কী? তাঁদের দায়িত্ব দিলে অনেক কম খরচেই অনুষ্ঠানটি পরিচালনা করা সম্ভব। তবে এমন প্রস্তাব এলেও সালমানকে সরিয়ে দেওয়ার বিষয়টি কখনো গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি নির্মাতারা।

আনন্দ চবনের মতে, দীর্ঘদিনের সঞ্চালনার মাধ্যমে ‘বিগ বস্‌’-এর সঙ্গে সালমান নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। ফলে তাঁর জায়গা নেওয়া সহজ নয়। অনুষ্ঠানে একজন সঞ্চালক নিজের অবস্থান কতটা শক্ত করতে পেরেছেন, সেটিই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে এক প্রবাসী বলিউড অভিনেত্রীর কথাও প্রকাশ করেছেন আনন্দ। তাঁর দাবি, ওই অভিনেত্রীকে একসময় ‘বিগ বস্‌’-এর প্রতিযোগী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আলোচনার একপর্যায়ে তিনি সালমানের সঞ্চালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মন্তব্য ছিল, সালমানের উপস্থাপনায় আগের মতো প্রাণবন্ত ভাব আর নেই।

তবে শুধু সমালোচনা করেই থেমে থাকেননি ওই অভিনেত্রী। আলোচনার শেষ দিকে নিজেই ‘বিগ বস্‌’-এর সঞ্চালক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এমনকি সালমানের চেয়েও ভালোভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে পারবেন বলে আত্মবিশ্বাস দেখান। অভিনেত্রীর এমন মন্তব্যে বিস্মিত হয়েছিলেন আনন্দ চবন।

তবে ওই প্রবাসী অভিনেত্রীর নাম প্রকাশ করেননি আনন্দ। ফলে সালমানের জায়গায় সঞ্চালক হওয়ার আগ্রহ দেখানো সেই অভিনেত্রী কে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে ‘বিগ বস্‌’-এর সঙ্গে সালমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বিশেষ করে সপ্তাহান্তের পর্বে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ। তাই বিকল্প সঞ্চালকের প্রস্তাব এলেও নির্মাতারা সালমানকেই অনুষ্ঠানের মুখ হিসেবে ধরে রেখেছেন।