তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুন শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ ...
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুন শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর মোট ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। অথচ একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে এর প্রায় চার গুণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সে হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। পরবর্তী তিন মাসেও ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। জুন শেষে খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে।
খেলাপি ঋণ বৃদ্ধির কারণ সম্পর্কে সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ পরিশোধে সক্ষম অনেক গ্রাহক নানা কৌশলে ঋণ পরিশোধ করছেন না। উল্টো তাঁরা নতুন ঋণও পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে খেলাপি ঋণ কমার সুযোগ নেই। এ সংস্কৃতি থেকে বেরিয়ে ঋণখেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর অবস্থান নিতে হবে। ঋণ আদায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চাপ বাড়ানোর পাশাপাশি নিয়মিত হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
শুধু খেলাপি ঋণ নয়, ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের বড় অংশই এখন আদায়-অনিশ্চিত অবস্থায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে মন্দ বা ক্ষতিজনক পর্যায়ের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা। যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। এ ছাড়া বিশেষ তদারকির আওতায় থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।
অন্যদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি তৈরি হয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেছেন, ঋণ আদায়ের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং খেলাপিদের জন্য ঋণ থেকে বেরিয়ে আসার বিশেষ নীতিমালা বা এক্সিট পলিসি দেওয়া হয়েছে। এর কার্যকারিতা মূল্যায়নের জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তবে খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই।
ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের চিত্রেও ভিন্নতা দেখা গেছে। সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে গত তিন মাসে এসব ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা। বিপরীতে একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।
ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, ঋণ বিতরণের তুলনায় খেলাপি ও শ্রেণিকৃত ঋণ দ্রুত বাড়ায় ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শ্রেণিকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে থাকায় এসব ঋণ আদায়ের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি বিপুল অঙ্কের প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক চাপ আরও বাড়িয়ে তুলছে।
তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র প্রকাশের ফলে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যায়। তবে বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ায় একপর্যায়ে খেলাপি ঋণ কমেছিল।
