শেয়ারবাজারে তালিকাভুক্ত লিব্রা ইনফিউশনসকে ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। কারখানার উৎপাদন বন্ধ, সম্পদ বিক্রি ও হস্তান্তর, টানা চার বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা এবং আর্থিক বিবরণী জমা না দেওয়ার মতো ঘটনায় কোম্পানিটির পরিচালনা ও আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে কোম্পানিটির বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ জন্য তিন সদস্যের একটি অনুসন্ধান ...

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিব্রা ইনফিউশনসকে ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। কারখানার উৎপাদন বন্ধ, সম্পদ বিক্রি ও হস্তান্তর, টানা চার বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা এবং আর্থিক বিবরণী জমা না দেওয়ার মতো ঘটনায় কোম্পানিটির পরিচালনা ও আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে কোম্পানিটির বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ জন্য তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি পুনর্গঠন করেছে কমিশন। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ ও মোহাম্মদ আবু হেনা মোস্তফা। সম্প্রতি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে লিব্রা ইনফিউশনসের বিভিন্ন কার্যক্রম অনুসন্ধান করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে কোম্পানির শেয়ার অননুমোদিতভাবে হস্তান্তর, সম্পদ বিক্রি ও হস্তান্তর, কারখানার কার্যক্রম বন্ধ এবং আর্থিক বিবরণী ও শেয়ার ধারণসংক্রান্ত তথ্য জমা না দেওয়ার ঘটনা। ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির কার্যক্রম পর্যালোচনা করবে কমিটি। একই সঙ্গে এসব ঘটনায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব এবং বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

অনুসন্ধানে প্রথমেই কোম্পানিটির কারখানার উৎপাদন বন্ধ হওয়ার কারণ ও এর পেছনের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদের সদস্য ও অন্যান্য শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন, বিধিমালা এবং বিএসইসির নির্দেশনা মানা হয়েছে কি না, তা যাচাই করবেন তদন্ত কর্মকর্তারা।

কোম্পানির সম্পদ নিয়েও বিস্তারিত অনুসন্ধান করা হবে। যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামসহ স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর কিংবা অন্য কোনোভাবে নিষ্পত্তির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা পরীক্ষা করা হবে। এসব লেনদেনে করপোরেট সুশাসনের নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখবে কমিটি।

এ ছাড়া টানা চার বছর এজিএম না করা, আর্থিক বিবরণী ও শেয়ার ধারণের তথ্য জমা না দেওয়া এবং অন্যান্য নিয়ন্ত্রক বিধিবিধান পরিপালনে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা মূল্যায়ন করা হবে। এসব ঘটনায় সাধারণ শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, ঋণদাতা ও কর্মীদের স্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও অনুসন্ধানের আওতায় থাকবে।

বিএসইসি জানিয়েছে, অনুসন্ধানে সিকিউরিটিজ আইন ও কমিশনের নির্দেশনা লঙ্ঘনের কোনো ঘটনা পাওয়া গেলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন।