১৫ বছরের জন্য জাপানি কোম্পানির হাতে যাচ্ছে থার্ড টার্মিনাল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য জাপানি কোম্পানির হাতে তুলে দিচ্ছে সরকার। এ জন্য জাপানি কোম্পানির সঙ্গে কনসেশন চুক্তি করার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চুক্তির আওতায় অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়া যাত্রী ও পণ্য পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে সরকার।
গতকাল সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য জাপানি কোম্পানির হাতে তুলে দিচ্ছে সরকার। এ জন্য জাপানি কোম্পানির সঙ্গে কনসেশন চুক্তি করার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চুক্তির আওতায় অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়া যাত্রী ও পণ্য পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে সরকার।
গতকাল সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) মাধ্যমে টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে জাপানি কোম্পানিটি আর্থিক প্রস্তাব জমা দেয়। ইনভেস্ট বাংলাদেশ প্রস্তাবটি যাচাই-বাছাই করে দরকষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে যাচাই করা হয়। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নেওয়ার পর চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছরের জন্য টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে জাপানি কোম্পানি। এ জন্য শুরুতেই সরকারকে ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার—যেটি বেশি, তা সরকার পাবে। একইভাবে কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি টনে ১১ দশমিক ৫ ডলার সরকারকে দিতে হবে।
এ ছাড়া এমবারকেশন ফি বা যাত্রী বোর্ডিং ফি নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ ডলার। বর্তমানে এ খাতে যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়েও শর্ত রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পরিচালনা করতে পারবে।
চুক্তি অনুযায়ী, প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে। অর্থাৎ দায়িত্ব হস্তান্তরের পর নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটির সব কার্যক্রম চালুর বাধ্যবাধকতা থাকছে।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
