কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, স্বস্তিতে প্রবাসীরা
আন্তর্জাতিক বাজারে দরপতন ও মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে কুয়েতের স্থানীয় বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গত কয়েক সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতা কাটিয়ে মূল্যবান এ ধাতুর দাম গত এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের মধ্যে। দাম কমায় কুয়েতের বিভিন্ন স্বর্ণের বাজার ও গয়নার দোকানে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে।
কুয়েতের সর্বশেষ বাজারদর অনুযায়ী, প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৬ দশমিক ০১ কুয়েতি দিনারে। বাংলাদেশি ...
আন্তর্জাতিক বাজারে দরপতন ও মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে কুয়েতের স্থানীয় বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গত কয়েক সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতা কাটিয়ে মূল্যবান এ ধাতুর দাম গত এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের মধ্যে। দাম কমায় কুয়েতের বিভিন্ন স্বর্ণের বাজার ও গয়নার দোকানে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে।
কুয়েতের সর্বশেষ বাজারদর অনুযায়ী, প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৬ দশমিক ০১ কুয়েতি দিনারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১৪ হাজার ৩৮৪ টাকা। এ ছাড়া প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২৬ টাকা, ২১ ক্যারেট ১২ হাজার ৫৮৭ টাকা এবং ১৮ ক্যারেট ১০ হাজার ৭৮৯ টাকা।
বাজারের তথ্য অনুযায়ী, মাসের শুরুতে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ১৫ হাজার ১৭৯ টাকার বেশি ছিল। বর্তমানে তা কমে প্রায় ১৩ হাজার ২২৬ টাকায় নেমেছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে এ ক্যারেটের স্বর্ণের দাম প্রায় ১০ শতাংশ কমেছে।
দাম কমার প্রভাব পড়েছে ক্রেতাদের কেনাকাটায়। কুয়েত সিটির স্বর্ণের বাজার ছাড়াও ফাহাহিল ও ফারওয়ানিয়া এলাকার বিভিন্ন গয়নার দোকানে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে দেশে ছুটিতে যাওয়া, বিয়ে কিংবা পরিবারের জন্য গয়না কেনার পরিকল্পনা করা প্রবাসীরা কম দামে স্বর্ণ কেনার সুযোগ নিচ্ছেন।
প্রবাসী ক্রেতা জাকির হোসেন বলেন, সামনে ছুটিতে দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে। স্বর্ণের দাম কমার খবর পেয়ে পরিবারের সদস্যদের জন্য গয়না কিনতে বাজারে এসেছেন। আরেক প্রবাসী রফিকুল ইসলাম জানান, গত মাসে দাম বেশি থাকায় স্বর্ণ কেনা সম্ভব হয়নি। এখন দাম কিছুটা নাগালে আসায় সঞ্চয়ের জন্য স্বর্ণ কিনছেন।
বিয়ের কেনাকাটা নিয়ে দুশ্চিন্তায় থাকা প্রবাসী যুবক মাহবুব আলম বলেন, স্বর্ণের বাড়তি দাম নিয়ে বেশ চিন্তিত ছিলেন। তবে এখন দাম কমায় নির্ধারিত বাজেটের মধ্যেই প্রয়োজনীয় গয়না কেনা সম্ভব হচ্ছে। অন্যদিকে প্রবাসী নারী ক্রেতা তানজিলা আক্তার বলেন, প্রবাসীদের কাছে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বর্ণ কেনা এক ধরনের নিরাপদ সঞ্চয়। দাম কমায় সাধারণ প্রবাসীদের জন্য গয়না কেনা সহজ হয়েছে।
বাজার পরিস্থিতি সম্পর্কে কুয়েত সিটির আল-হামরা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব কুয়েতের বাজারেও পড়েছে। এতে ক্রেতাদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। মদিনা গোল্ড সেন্টারের পরিচালক খালিদ আল-সাবাহ বলেন, স্বর্ণের দাম স্থিতিশীল থাকলে আগামী দিনগুলোয় বেচাকেনা আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন।
সব মিলিয়ে স্বর্ণের দাম কমায় একদিকে প্রবাসী ক্রেতারা তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় গয়না কেনার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে ক্রেতাদের উপস্থিতি বাড়ায় ব্যবসায়ীরাও বিক্রি বৃদ্ধির আশা করছেন।
