অর্থ বাণিজ্য প্রতিবেদক  :    মিউচুয়াল ফান্ডের অর্থ বিনিয়োগে আইন ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে ছয়টি ফান্ড থেকে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের বিদায় আগেই নিশ্চিত করেছিল নিয়ন্ত্রক সংস্থা। তবে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে শেষ চেষ্টা চালিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার সেই আবেদনও খারিজ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে ছয়টি মিউচুয়াল ফান্ডে সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

আজ মঙ্গলবার বিএসইসির ১০৪০তম কমিশন ...

আজ মঙ্গলবার বিএসইসির ১০৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগের কারণে ইউনিটহোল্ডারদের চরম আর্থিক ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে গত ১০১৮তম কমিশন সভায় সংশ্লিষ্ট ফান্ডগুলোর সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়োগ বাতিলের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কমিশনের কাছে রিভিউ আবেদন করে প্রতিষ্ঠানটি। তবে ১০৪০তম কমিশন সভায় আবেদনটি নামঞ্জুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো হলো—এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, আইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

কমিশনের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এসব ফান্ডে এলআর গ্লোবালের সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিষ্ঠানটির রিভিউ আবেদনের আর কোনো সুযোগ থাকল না।