এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমাল বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য গঠিত এসএমই বোর্ড বা প্ল্যাটফর্মে বিনিয়োগের সুযোগ বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্ল্যাটফর্মে সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচার জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা এক-তৃতীয়াংশে নামিয়ে আনা হয়েছে। আগে এ ধরনের বিনিয়োগকারীদের ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হতো। এখন থেকে তা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা। এতে তুলনামূলক কম মূলধনের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য গঠিত এসএমই বোর্ড বা প্ল্যাটফর্মে বিনিয়োগের সুযোগ বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্ল্যাটফর্মে সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচার জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা এক-তৃতীয়াংশে নামিয়ে আনা হয়েছে। আগে এ ধরনের বিনিয়োগকারীদের ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হতো। এখন থেকে তা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা। এতে তুলনামূলক কম মূলধনের বিনিয়োগকারীদের এসএমই বোর্ডে লেনদেনের সুযোগ তৈরি হবে।
আজ মঙ্গলবার বিএসইসির ১০৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই বোর্ডে সেকেন্ডারি বাজারে লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এ সিদ্ধান্ত কার্যকরের জন্য কমিশনের আগের আদেশ ও নির্দেশনা সংশোধন করা হবে। সংশোধিত আদেশ বা নির্দেশনা জারির তারিখ থেকে নতুন বিনিয়োগসীমা কার্যকর হবে। অর্থাৎ, কমিশনের সিদ্ধান্তের পরপরই নতুন সীমা কার্যকর হচ্ছে না; সংশোধিত নির্দেশনা জারির পর থেকে বিনিয়োগকারীরা এ সুবিধা পাবেন।
শেয়ারবাজারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ তৈরি করতে এসএমই বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি নির্ধারিত যোগ্যতা পূরণকারী ব্যক্তি বিনিয়োগকারীরা অংশ নিতে পারেন। ন্যূনতম বিনিয়োগসীমা কমানোর ফলে এ বোর্ডে লেনদেনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার সুযোগ তৈরি হলো।
