অনন্তের সঙ্গে ভিডিও নিয়ে বিতর্ক, আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
বিনোদন প্রতিবেদক : ভারতের ধনকুবের মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ঘিরে বিতর্কের জেরে এক নেটপ্রভাবীকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ভিডিওটি নিয়ে তৈরি করা একটি রিলকে বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন অভিনেতার আইনজীবী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সদ্গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্ত অম্বানীকে। এ সময় তাঁর পাশে ছিলেন শাহরুখ খান। ...
বিনোদন প্রতিবেদক : ভারতের ধনকুবের মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানীর সঙ্গে কথোপকথনের একটি ভিডিও ঘিরে বিতর্কের জেরে এক নেটপ্রভাবীকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ভিডিওটি নিয়ে তৈরি করা একটি রিলকে বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন অভিনেতার আইনজীবী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সদ্গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্ত অম্বানীকে। এ সময় তাঁর পাশে ছিলেন শাহরুখ খান। তাঁদের কথোপকথনের একপর্যায়ে অনন্তকে ঠোঁটের কাছে আঙুল তুলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনন্তের এই অঙ্গভঙ্গিকে অনেকে শাহরুখকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল তৈরি করেন নেটপ্রভাবী সুবিজ্ঞ শর্মা। সেখানে অনন্তের আচরণ নিয়ে মন্তব্য করা হয়। এর পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন শাহরুখ।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ নভেম্বর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সংশ্লিষ্ট ভিডিও ও তা নিয়ে করা অভিযোগকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করা হয়েছে। শাহরুখের আইনজীবীর দাবি, ভিডিওতে করা অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অভিনেতার সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার ক্ষতি করতে পারে।
নোটিশে অবিলম্বে বিতর্কিত রিলটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, ২৬/১১ মুম্বাই হামলায় নিহত ও আক্রান্তদের স্মরণে আয়োজিত ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেট্টি ও বিক্রান্ত ম্যাসিসহ বলিউডের একাধিক তারকা। অনুষ্ঠানে বিশেষ সম্মাননাও প্রদান করেন শাহরুখ। তবে অনুষ্ঠানের একটি মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সেটিই বিতর্কের কেন্দ্রে চলে আসে।
