অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের শেয়ারবাজার ক্রমেই আকর্ষণ হারাচ্ছে। নতুন বিনিয়োগ আসার বদলে যারা আগে বিনিয়োগ করেছিলেন, তারাও ধারাবাহিকভাবে পুঁজি তুলে নিচ্ছেন। গত প্রায় ৯ বছরে বিদেশিরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন ৯ হাজার ৯২১ কোটি টাকা বেশি। অর্থাৎ এ সময়ে দেশের শেয়ারবাজার থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা প্রত্যাহার করেছেন তারা। একসময় সম্ভাবনাময় হিসেবে বিবেচিত এই বাজারে বিদেশিদের এমন অনাগ্রহ শুধু বিনিয়োগের ঘাটতিই বাড়াচ্ছে না, বাজারের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের শেয়ারবাজার ক্রমেই আকর্ষণ হারাচ্ছে। নতুন বিনিয়োগ আসার বদলে যারা আগে বিনিয়োগ করেছিলেন, তারাও ধারাবাহিকভাবে পুঁজি তুলে নিচ্ছেন। গত প্রায় ৯ বছরে বিদেশিরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন ৯ হাজার ৯২১ কোটি টাকা বেশি। অর্থাৎ এ সময়ে দেশের শেয়ারবাজার থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা প্রত্যাহার করেছেন তারা। একসময় সম্ভাবনাময় হিসেবে বিবেচিত এই বাজারে বিদেশিদের এমন অনাগ্রহ শুধু বিনিয়োগের ঘাটতিই বাড়াচ্ছে না, বাজারের প্রতি দেশীয় বিনিয়োগকারীদের আস্থাকেও প্রশ্নের মুখে ফেলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে চলতি ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ৩১ হাজার ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। বিপরীতে কিনেছেন ২১ হাজার ৬১৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। অর্থাৎ কেনার তুলনায় বিক্রি বেশি করেছেন ৯ হাজার ৯২১ কোটি ৬ লাখ টাকার।

বিদেশিদের এই পুঁজি প্রত্যাহারের পেছনে রয়েছে দীর্ঘদিনের বাজার অস্থিরতা, টাকার অবমূল্যায়ন, ফ্লোর প্রাইসের মতো বিতর্কিত নিয়ন্ত্রণব্যবস্থা এবং রাজনৈতিক অনিশ্চয়তা। বিশেষ করে ফ্লোর প্রাইস আরোপের পর বিদেশিদের বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা আরও বেড়েছে। ব্যবস্থা তুলে নেওয়া হলেও বিদেশিদের আস্থা ফেরেনি। বরং ডলারের বিপরীতে টাকার দরপতন এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা তাদের বিনিয়োগের আগ্রহ আরও কমিয়ে দিয়েছে।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন মনে করেন, বিদেশিদের শেয়ার বিক্রির অন্যতম কারণ টাকার অবমূল্যায়ন ও ফ্লোর প্রাইস। তাঁর মতে, ফ্লোর প্রাইস আরোপের মাধ্যমে শেয়ারবাজারের স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করা হয়েছিল। এতে বিদেশি বিনিয়োগকারীরা চাইলেও নিজেদের পছন্দমতো দামে শেয়ার বিক্রি করতে পারেননি। দীর্ঘদিন বিনিয়োগ আটকে থাকায় বাংলাদেশের বাজারের প্রতি তাদের অনাস্থা তৈরি হয়েছে। ভবিষ্যতে আবারও এমন বিধিনিষেধ আসতে পারে—এমন আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে।

বিদেশিদের পুঁজি প্রত্যাহারের ধারাবাহিকতা পরিসংখ্যানেও স্পষ্ট। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছরে বিদেশি বিনিয়োগকারীরা ১৫ হাজার ৩৮৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কিনলেও বিক্রি করেছেন ২৩ হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ টাকার। এ সময়ে নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৯৮৬ কোটি ৭৪ লাখ টাকা।

২০২৩ সালে সাময়িকভাবে পরিস্থিতির পরিবর্তন হয়েছিল। ওই বছর বিদেশিরা ১ হাজার ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৫১ কোটি ৪৫ লাখ টাকার। ফলে তারা ৬৪ কোটি ৪৮ লাখ টাকার নিট ক্রেতা ছিলেন। কিন্তু এই স্বস্তি স্থায়ী হয়নি। ২০২৪ সালে ১ হাজার ৬৮৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৯৫৫ কোটি ৪৩ লাখ টাকার। এতে নিট বিক্রি দাঁড়ায় ২৭১ কোটি ৫৭ লাখ টাকা। ২০২৫ সালে ১ হাজার ৮২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কিনলেও বিক্রি করেন ২ হাজার ৯৫ কোটি ৩৪ লাখ টাকার। ওই বছর নিট বিক্রি ছিল ২৭০ কোটি ২৭ লাখ টাকা।

চলতি ২০২৬ সালে বিদেশিদের বিক্রির চাপ আরও বেড়েছে। বছরের প্রথম ১০ মাসে তারা ১ হাজার ৬০৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন ৩ হাজার ৬১ কোটি ৭৭ লাখ টাকার। এতে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ গত দুই বছরের সম্মিলিত নিট বিক্রির তুলনায় চলতি বছরের প্রথম ১০ মাসেই বিদেশিরা অনেক বেশি পুঁজি তুলে নিয়েছেন।

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে বিদেশি বিনিয়োগ কমার অন্যতম বড় কারণ হিসেবে দেখছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, শেয়ারবাজারের দরপতন ও টাকার মান কমে যাওয়ায় বিদেশিরা বাজার ছাড়ছেন। আগে ৯০ টাকা ডলার দরে শেয়ার কিনে এখন ১২০ টাকার বেশি দরে বিক্রি করলেও ডলারে হিসাব করলে তারা কম অর্থ পাচ্ছেন। টাকার অবমূল্যায়ন বন্ধ না হলে বিদেশি বিনিয়োগকারীরা এ বাজারে ফিরবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিদেশিদের আস্থা ফেরাতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু উদ্যোগ নিয়েছে। বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের প্রক্রিয়া সহজ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে দ্বৈত কর পরিহার চুক্তির সনদ পাওয়ার ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে। বিদেশি বিনিয়োগ ও অর্থ প্রত্যাবাসন সহজ করতে বাংলাদেশ ব্যাংকও নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টের (এনআইটিএ) নিয়মে পরিবর্তন এনেছে। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ফ্লোর প্রাইস প্রত্যাহার, বিও হিসাব খোলার প্রক্রিয়া ডিজিটাল করা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য অনবোর্ডিং পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এসব উদ্যোগ বিদেশিদের আস্থা ফেরাতে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরও বাজারে বিনিয়োগের পরিবেশে বড় ধরনের পরিবর্তন আসেনি। ২০২০ সালের ১৯ মার্চ করোনার প্রভাবে বাজারে দরপতন ঠেকাতে প্রথমবার ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এতে প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর নির্ধারণ করে দেওয়া হয়। ফলে ক্রেতা না থাকলেও বিনিয়োগকারীরা নির্ধারিত দরের নিচে শেয়ার বিক্রি করতে পারতেন না। ২০২১ সালের জুনে তা প্রত্যাহার করা হলেও ২০২২ সালের ২৮ জুলাই আবারও ফ্লোর প্রাইস চালু করা হয়। কয়েক ধাপে বিভিন্ন শেয়ার থেকে এই সীমা তুলে নেওয়ার পর সর্বশেষ গত ৮ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের মাধ্যমে পুরো ব্যবস্থার অবসান ঘটে।

কিন্তু তত দিনে বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন এবং চলতি বছর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ ঘিরে বৈশ্বিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এর প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতেও। ফলে বিনিয়োগের ঝুঁকি ও ভবিষ্যৎ নিয়ে বিদেশিদের উদ্বেগ কাটছে না।

বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ শুধু লেনদেন বাড়ায় না; ভালো মৌলভিত্তির কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, বাজারের তারল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের গ্রহণযোগ্যতা বাড়াতেও ভূমিকা রাখে। তাই টানা বিদেশি পুঁজি প্রত্যাহার বাজারের জন্য বড় সতর্কবার্তা। শুধু নিয়ম শিথিল বা নতুন পোর্টাল চালু করলেই এই আস্থার সংকট কাটবে না। বাজারে নীতির ধারাবাহিকতা, স্বাভাবিক লেনদেনের পরিবেশ, টাকার বিনিময় হারে স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ না এলে বিদেশি পুঁজি ফেরানো কঠিন হবে।

উল্লেখ্য, বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত নিজ দেশের তৃতীয় পক্ষের ব্রোকারের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে লেনদেন করেন। তারা নিজ দেশের ব্রোকারকে শেয়ার কেনাবেচার নির্দেশ দেন। পরে সেই ব্রোকার বাংলাদেশের সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে।