রোহিতের সহ-অধিনায়ক হতে চাননি বুমরা
খেলাধুলা ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলছেন যশপ্রীত বুমরা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও তিনি। অথচ অধিনায়কত্বের প্রশ্নে তাঁকে বিবেচনা করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বরং রোহিত শর্মাকে অধিনায়ক করে বুমরাকে দেওয়া হয়েছিল সহ-অধিনায়কের প্রস্তাব। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের এই তারকা পেসার। তাঁর এমন সিদ্ধান্তে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি রোহিত শর্মাকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির ...
খেলাধুলা ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলছেন যশপ্রীত বুমরা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারও তিনি। অথচ অধিনায়কত্বের প্রশ্নে তাঁকে বিবেচনা করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বরং রোহিত শর্মাকে অধিনায়ক করে বুমরাকে দেওয়া হয়েছিল সহ-অধিনায়কের প্রস্তাব। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের এই তারকা পেসার। তাঁর এমন সিদ্ধান্তে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি রোহিত শর্মাকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির গত তিন মৌসুমের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ড্রেসিংরুমে তৈরি হওয়া আস্থার সংকটও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের পাঞ্জাব কিংসে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই অক্টোবরের প্রথম সপ্তাহে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট।
অধিনায়ক হিসেবে বিবেচনায় ছিলেন না সূর্যকুমার যাদবও। অথচ এ বছরের শুরুতে তাঁর নেতৃত্বেই টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতের বর্তমান টি-টুয়েন্টি সহ-অধিনায়ক তিলক বর্মাকেও এ দায়িত্বের জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তিলককে নেতৃত্ব দেওয়ার মতো পরিণত হয়ে উঠতে আরও সময় দিতে চায় তারা।
তবে বুমরার বিষয়টি ছিল ভিন্ন। মুম্বাই ইন্ডিয়ানস নিয়মিত সহ-অধিনায়ক নিয়োগ না দিলেও অধিনায়কের অনুপস্থিতিতে দায়িত্ব সামলানোর জন্য অভিজ্ঞ ক্রিকেটার প্রয়োজন হয়। গত মৌসুমে হার্দিকের অনুপস্থিতিতে সেই দায়িত্ব পালন করেছিলেন সূর্যকুমার ও বুমরা। এবার ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্মকর্তারা বুমরাকে সহ-অধিনায়কের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন তিনি।
কেন এই প্রস্তাব ফিরিয়েছেন, তা অবশ্য প্রকাশ করেননি বুমরা। তবে ২০২৬ মৌসুমে তাঁকে অন্তর্বর্তী অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে একটি মন্তব্য করেছিলেন এই পেসার। তিনি বলেছিলেন, ‘আমি ভাবিনি মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার আগে, টেস্ট দলের অধিনায়ক হব।’ তাঁর সেই মন্তব্য থেকে নেতৃত্ব নিয়ে নিজের ভাবনার কিছুটা আভাস পাওয়া যায়।
ডিসেম্বরের শুরুতে ৩২ বছরে পা দেবেন বুমরা। মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার জন্য এটিই হয়তো তাঁর সেরা সুযোগ ছিল। রোহিতের নেতৃত্বে দলটির আরও দুই বছর বা তার বেশি সময় কাটতে পারে। ফলে ভবিষ্যতে নেতৃত্বের পরিকল্পনায় বুমরার জায়গা পাওয়া কঠিন হতে পারে।
১৮ কোটি রুপিতে বুমরাকে ধরে রেখেছে মুম্বাই। এক দশকের বেশি সময় ধরে দলটির হয়ে ধারাবাহিক পারফর্ম করছেন তিনি। এমন একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেবল বিকল্প নেতা হিসেবে থাকতে চান কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিশেষ করে একজন পেসারের ক্যারিয়ার তুলনামূলকভাবে ছোট হওয়ায় নেতৃত্বের সুযোগের বিষয়টিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে মুম্বাই ছেড়ে যাওয়াও বুমরার জন্য সহজ হবে না। এই ফ্র্যাঞ্চাইজিতেই তাঁর বেড়ে ওঠা, তারকা হয়ে ওঠা। দীর্ঘদিনের পরিচিত পরিবেশ ছেড়ে অন্য দলে গিয়ে একই রকম স্বস্তি পাবেন কি না, সেটিও বিবেচনার বিষয়। ফলে সহ-অধিনায়কের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে অভিমান, নেতৃত্ব নিয়ে অসন্তোষ নাকি অন্য কোনো কারণ কাজ করেছে, তা এখনো স্পষ্ট নয়।
