সাজানো জনপ্রিয়তার দিন শেষ, দর্শক এখন সব বোঝেন: শহিদ
বলিউডে তারকাখ্যাতি ধরে রাখতে সাজানো প্রচার ও অর্থের বিনিময়ে জনসংযোগের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা শহিদ কাপুর। তাঁর মতে, দর্শক এখন অনেক বেশি সচেতন। কোনটি স্বতঃস্ফূর্ত জনপ্রিয়তা আর কোনটি অর্থ খরচ করে তৈরি করা প্রচার, তা সহজেই বুঝতে পারেন তাঁরা। তাই কৃত্রিম তারকাখ্যাতির চেয়ে শিল্পীদের স্বাভাবিক ও অকৃত্রিম আচরণই এখন বেশি গুরুত্ব পাচ্ছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডের প্রচার সংস্কৃতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন শহিদ। তিনি বলেন, অর্থের বিনিময়ে প্রচার চালানোর ...
বলিউডে তারকাখ্যাতি ধরে রাখতে সাজানো প্রচার ও অর্থের বিনিময়ে জনসংযোগের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা শহিদ কাপুর। তাঁর মতে, দর্শক এখন অনেক বেশি সচেতন। কোনটি স্বতঃস্ফূর্ত জনপ্রিয়তা আর কোনটি অর্থ খরচ করে তৈরি করা প্রচার, তা সহজেই বুঝতে পারেন তাঁরা। তাই কৃত্রিম তারকাখ্যাতির চেয়ে শিল্পীদের স্বাভাবিক ও অকৃত্রিম আচরণই এখন বেশি গুরুত্ব পাচ্ছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডের প্রচার সংস্কৃতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন শহিদ। তিনি বলেন, অর্থের বিনিময়ে প্রচার চালানোর প্রবণতা বিনোদন জগতে নতুন নয়। প্রায় ৩০ বছর আগেও এ ধরনের চর্চা ছিল। তবে তখন সামাজিক যোগাযোগমাধ্যমের এত বিস্তার ছিল না। এখন অর্থ দিয়ে জনসংযোগ করানো কিংবা প্রচারমূলক লেখা প্রকাশের বিষয়টি দর্শকের কাছে আর গোপন নেই।
শহিদের মতে, নিজের বা নিজের কাজের প্রচার করতে অর্থ খরচ করতেই হয়। তবে দর্শক এখন বুঝতে পারেন কোনটি অর্থের বিনিময়ে করা প্রচার আর কোনটি স্বতঃস্ফূর্তভাবে তৈরি হওয়া জনপ্রিয়তা। তিনি প্রচারের বিরোধী নন। তাঁর মতে, কোনো ছবি বা শিল্পীর কাজ দর্শকের কাছে পৌঁছে দিতে বিপণন জরুরি। তবে প্রচারের মাধ্যমে কৃত্রিম ভাবমূর্তি তৈরির চেষ্টা করা উচিত নয়।
অভিনেতার ভাষ্য, দর্শক এখন নিখুঁত কোনো তারকাকে দেখতে চান না। বরং এমন শিল্পীকে পছন্দ করেন, যাঁর সঙ্গে নিজেদের মিল খুঁজে পান। স্বাভাবিক আচরণ ও বাস্তব জীবনঘনিষ্ঠ উপস্থিতিই দর্শকের সঙ্গে তারকাদের প্রকৃত সংযোগ তৈরি করে।
বলিউডের ছবির বিষয়বস্তু নিয়েও কথা বলেন শহিদ। তাঁর মতে, দর্শকের পছন্দ কোনো নির্দিষ্ট ঘরানার মধ্যে সীমাবদ্ধ নয়। সব ধরনের ছবির প্রতিই তাঁদের আগ্রহ রয়েছে। তবে গল্প বলার ধরন এবং তা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কৌশল গুরুত্বপূর্ণ। বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে হলে নির্মাতাদের এ বিষয়ে ভারসাম্য রাখতে হবে।
একই ধরনের গল্প বারবার দেখানো হলে দর্শকের একাংশ বিরক্ত হয়ে পড়েন বলেও মনে করেন তিনি। কোনো একটি ঘরানার ছবি সফল হলে সাময়িকভাবে ওই ধরনের ছবির চাহিদা বাড়তে পারে। কিন্তু তাতে অন্য ঘরানার ছবির গুরুত্ব কমে যায় না। গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয়ে নতুনত্ব না থাকলে দর্শক আগ্রহ হারান।
শহিদের মতে, দর্শকের পছন্দ নিয়ে প্রশ্ন তোলার আগে নির্মাতাদের নিজেদের কাজও পর্যালোচনা করা প্রয়োজন। দর্শকের সঙ্গে প্রকৃত সংযোগ তৈরি করতে হলে কৃত্রিম প্রচারের চেয়ে ভালো গল্প ও অভিনয়ের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।
