বন্ড সুবিধার অপব্যবহারে ৩৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান জোরদার করেছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)। গত সেপ্টেম্বর থেকে পরিচালিত ২৩টি অভিযানে প্রায় ৩৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করেছে সংস্থাটি। এর মধ্যে প্রায় ১০ কোটি টাকা আদায় হয়েছে। বাকি অর্থ আদায়ে আইনানুগ কার্যক্রম চলছে।
এ ছাড়া ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধার অপব্যবহার করে আমদানি করা কাঁচামাল খোলাবাজারে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান জোরদার করেছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)। গত সেপ্টেম্বর থেকে পরিচালিত ২৩টি অভিযানে প্রায় ৩৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করেছে সংস্থাটি। এর মধ্যে প্রায় ১০ কোটি টাকা আদায় হয়েছে। বাকি অর্থ আদায়ে আইনানুগ কার্যক্রম চলছে।
এ ছাড়া ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধার অপব্যবহার করে আমদানি করা কাঁচামাল খোলাবাজারে বিক্রির ঘটনায় আরও প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত হয়েছে।
কমিশনার ড. নাহিদা ফরিদীর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বন্ডেড প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কমিশনারেট।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনটি কার্যালয়ের আওতায় প্রায় ৮ হাজার বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে। মূলত রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য আমদানির সুযোগ দিতে এ লাইসেন্স দেওয়া হয়।
তবে এ সুবিধা পাওয়ার শর্ত অনুযায়ী, আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পুরোটাই রপ্তানি করতে হয়। স্থানীয় বাজারে বিক্রি করতে হলে সংশ্লিষ্ট কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করতে হয়। কিন্তু অনেক প্রতিষ্ঠান এ নিয়ম না মেনে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।
বন্ড লাইসেন্সের বড় অংশই পোশাক ও পোশাকের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানাগুলোর কাছে রয়েছে। এ সুবিধার অপব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন বস্ত্রকল মালিকরা।
এনবিআরের তথ্য অনুযায়ী, বন্ড সুবিধায় আমদানি করা পণ্য স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরা বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেন।
