অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় কোম্পানিটির হিসাবের বিষয়ে কোনো নিরীক্ষা মতামত দিতে পারেননি নিরীক্ষক। পাশাপাশি কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও গুরুতর অনিশ্চয়তা রয়েছে।

কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক মো. আবদুল মোমিন খান লোহানী, এফসিএ এসব বিষয় তুলে ধরেছেন।

নিরীক্ষকের প্রতিবেদনে ...

নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি আর্থিক বিবরণীতে উল্লেখ করা কয়েকটি গুরুত্বপূর্ণ হিসাব ও লেনদেনের পক্ষে পর্যাপ্ত নথিপত্র এবং যথাযথ প্রমাণ দিতে পারেনি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাখ্যা দিলেও বিকল্প নিরীক্ষা পদ্ধতিতেও এসব হিসাবের অস্তিত্ব, পূর্ণতা, নির্ভুলতা ও মূল্যমান যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া আর্থিক প্রতিবেদনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যের প্রকাশও যথাযথ হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোম্পানিটির উল্লেখযোগ্য সম্পদ, দায় ও সংশ্লিষ্ট হিসাবের প্রকৃত অস্তিত্ব এবং মূল্যমান যাচাই করা যায়নি। ফলে এসব হিসাবে কোনো সংশোধনের প্রয়োজন আছে কি না, তাও নির্ধারণ করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা, যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) বিধিবদ্ধ নথি হালনাগাদ না করা এবং প্রয়োজনীয় রিটার্ন দাখিল না করার বিষয়গুলোও নিরীক্ষকের উদ্বেগের কারণ হয়েছে।

নিরীক্ষকের মতে, আগের অর্থবছরগুলোর উল্লেখযোগ্য অঙ্কের হিসাব পর্যাপ্ত নথিপত্র ছাড়াই বহন করা হয়েছে। এতে কোম্পানির সম্পদের অবলোপিত মূল্যসহ বিভিন্ন হিসাবের নির্ভুলতা যাচাই করা যায়নি। এমনকি কোম্পানিটির আর্থিক অবস্থান, হিসাবের পূর্ণতা ও ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা সম্পর্কেও পর্যাপ্ত নিরীক্ষা-প্রমাণ পাওয়া যায়নি।

কোম্পানিটির আর্থিক অবস্থাও বেশ নাজুক। ২০২৫-২৬ অর্থবছর শেষে এর সঞ্চিত লোকসান দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ২২ টাকা ৬৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ২৩ পয়সা।

প্রতিবেদনে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণের বিষয়টিও উঠে এসেছে। ২০২৬ সালের ৩০ জুন শেষে সোনালী ব্যাংকের প্রকল্প ঋণ হিসাবে কোম্পানির দায় দেখানো হয়েছে ৬৪ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৬৪৫ টাকা। ঋণটির মূল অনুমোদিত অর্থ ছিল ২৭ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৪০০ টাকা। নিরীক্ষক জানিয়েছেন, ঋণটি শ্রেণিকৃত হওয়ায় ব্যাংক থেকে হিসাব বিবরণী পাওয়া যায়নি। এ ছাড়া চলতি বছরে ওই ঋণের বিপরীতে সুদের হিসাব বা সংস্থান করা হয়নি।

নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম ২০০২ সাল থেকে বন্ধ রয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদ ২০১৯ সাল পর্যন্ত কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে কর, মূল্য সংযোজন কর (মূসক) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়োজনীয় লাইসেন্স সচল রাখার সিদ্ধান্ত ছিল।

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক বিবরণী নিরীক্ষা করে আগের নিরীক্ষক বিরূপ মতামত দিয়েছিলেন। অর্থাৎ আগের বছরেও কোম্পানিটির আর্থিক হিসাব নিয়ে গুরুতর আপত্তি ছিল।