ক্যাসিনোতে পরিণত হয়েছিল শেয়ারবাজার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : একসময় দেশের শেয়ারবাজার একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। অনিয়ম, কারসাজি আর স্বার্থান্বেষী চক্রের দৌরাত্ম্যে বাজারটি অনেকটা ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। এতে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে। ভালো ও মানসম্পন্ন কোম্পানিও শেয়ারবাজারে আসতে আগ্রহ হারিয়েছে। এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিগত বছরগুলোর অনিয়ম ও কারসাজির কারণে শেয়ারবাজারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারকে একটি গোষ্ঠী নিয়ন্ত্রণ করত। ফলে শেয়ারবাজার তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল।
রবিবার (২৯ ...

রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
শেয়ারবাজারের অতীত অনিয়ম ও কারসাজির চিত্র তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজারের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক কাঠামো সংস্কার করা হয়েছে। নতুন কমিশন গঠন করা হয়েছে। কমিশন স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত। এখানে কোনো রাজনৈতিক নিয়োগ নেই।
অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারকে শক্তিশালী করতে আরও ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। সংস্কারের ফলে বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন।
তবে বাজারে আস্থা ফেরানো এবং ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার চ্যালেঞ্জ এখনো রয়েছে। দীর্ঘদিনের অনিয়ম ও কারসাজির কারণে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বাজারের কাঠামোগত সংস্কার ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা জরুরি।
বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষস্থানীয় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের কথা তুলে ধরেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওই বৈঠকে ১৭টি শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের ভবিষ্যৎ ও শেয়ারবাজারের সম্ভাবনার ওপর তাদের আস্থা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এই আগ্রহ বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন। দেশের অর্থনীতি ও শেয়ারবাজারে সম্ভাবনা দেখছেন তারা।
অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে। অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এ বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে।