অর্থ বাণিজ্য প্রতিবেদক  :    নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে দেশের প্রথম অরেঞ্জ বন্ড। সাজেদা ফাউন্ডেশনের ইস্যু করা এ বন্ডের মাধ্যমে ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এক, দুই ও তিন বছর মেয়াদি এ বন্ডের অর্থ নারীকেন্দ্রিক খাদ্যনিরাপত্তা ও কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কর্মসংস্থান এবং আবাসন খাতে বিনিয়োগ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত বিনিয়োগের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে দেশের প্রথম অরেঞ্জ বন্ড। সাজেদা ফাউন্ডেশনের ইস্যু করা এ বন্ডের মাধ্যমে ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এক, দুই ও তিন বছর মেয়াদি এ বন্ডের অর্থ নারীকেন্দ্রিক খাদ্যনিরাপত্তা ও কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কর্মসংস্থান এবং আবাসন খাতে বিনিয়োগ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত বিনিয়োগের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি করবে এ ধরনের বন্ড।

রবিবার (২৯ নভেম্বর) দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর আবেদন গ্রহণ সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বলেন, থিমেটিক বন্ডের মাধ্যমে আর্থিক মুনাফার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। দেশে ইতিমধ্যে গ্রিন বন্ড ও সোশ্যাল বন্ড চালু হয়েছে। ব্র্যাক ১ হাজার কোটি টাকার সোশ্যাল বন্ড ইস্যু করেছে, যার অর্থ স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে ব্যবহারের লক্ষ্য রয়েছে। সাজেদা ফাউন্ডেশনের অরেঞ্জ বন্ড নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে। ভবিষ্যতে ব্লু বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড, ট্রানজিশন বন্ড, ক্লাইমেট বন্ড ও অবকাঠামো বন্ডের মতো বিভিন্ন থিমেটিক বন্ড চালুর সম্ভাবনা রয়েছে।

তবে এসব বন্ডের অর্থ ঘোষিত উদ্দেশ্যেই ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, বন্ড ইস্যুর সময় যে লক্ষ্য ঘোষণা করা হয়, অর্থ ব্যবহারের ক্ষেত্রেও তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গ্রিন ওয়াশিং বা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিকর প্রচারের ঝুঁকি তৈরি হয়। এ জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অর্থ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ, অগ্রগতি পরিমাপ এবং নিয়মিত প্রতিবেদন প্রকাশ করা জরুরি।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু জামানতনির্ভর ঋণব্যবস্থার কারণে এ খাতের উদ্যোক্তারা ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না। এ পরিস্থিতি বদলাতে হবে। এসএমই খাতের জন্য শেয়ারবাজারে আরও আকর্ষণীয় প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। এ প্ল্যাটফর্মে বিনিয়োগের ন্যূনতম সীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এসএমই খাতকে দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে কমিশনের।

বন্ড বাজারের বিকাশের বিষয়েও গুরুত্ব দেন তিনি। বলেন, দেশের শেয়ারবাজার এত দিন মূলত ইকুইটিনির্ভর ছিল। বন্ডের লেনদেন কার্যত নিষ্ক্রিয়। এ বাজার সক্রিয় করতে নতুন বন্ডগুলোকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে মূল বোর্ডে লেনদেনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাকের সোশ্যাল বন্ড ও সাজেদা ফাউন্ডেশনের অরেঞ্জ বন্ডকে মূল বোর্ডে লেনদেনের শর্ত দেওয়া হয়েছে। প্রাণের সুকুকও মূল বোর্ডে লেনদেনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, সাজেদার অরেঞ্জ বন্ডে ১০ শতাংশ কুপন রিটার্ন দেওয়া হচ্ছে, যা বর্তমান সুদহারের প্রেক্ষাপটে আকর্ষণীয়। বন্ড বাজার সক্রিয় হলে সামগ্রিক পুঁজিবাজারেও গতিশীলতা বাড়বে।

অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন বলেন, ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁরা এখনো প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত। এ সীমাবদ্ধতা দূর করা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে অরেঞ্জ বন্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির বলেন, অরেঞ্জ বন্ড বাংলাদেশের শেয়ারবাজারে এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে লিঙ্গসমতা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। গত ৩৩ বছর ধরে সাজেদা ফাউন্ডেশন নারীর ক্ষমতায়নকে তাদের কার্যক্রমের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ডের তালিকাভুক্তি একটি মাইলফলক। আন্তর্জাতিক পরিসরে ডিএসইর স্বতন্ত্র অবস্থান তৈরিতে থিমেটিক বন্ড, বিশেষ করে অরেঞ্জ বন্ড গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে।