দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চান তাসকিন
খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সাফল্যের স্মৃতি এখনো উজ্জ্বল। ২০২২ সালে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তাসকিন আহমেদ। এবার আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজে দুই ম্যাচেই হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা দলের। তাসকিনও আশাবাদী, তবে আগের সাফল্যের স্মৃতিতে আটকে না থেকে মাঠের পারফরম্যান্সেই দিতে চান জয়ের জবাব।
আগামী পরশু শুরু হতে যাওয়া ...
খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে সাফল্যের স্মৃতি এখনো উজ্জ্বল। ২০২২ সালে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তাসকিন আহমেদ। এবার আবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজে দুই ম্যাচেই হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা দলের। তাসকিনও আশাবাদী, তবে আগের সাফল্যের স্মৃতিতে আটকে না থেকে মাঠের পারফরম্যান্সেই দিতে চান জয়ের জবাব।
আগামী পরশু শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের আগে আজ ইস্ট লন্ডনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাসকিন গুরুত্ব দিয়েছেন প্রথম ম্যাচের ওপর। তাঁর মতে, সিরিজের শুরুটা ভালো হলে দলের আত্মবিশ্বাসও বাড়বে।
তাসকিন বলেন, ‘সবকিছু নির্ভর করছে প্রথম ম্যাচটা কীভাবে শুরু হয় তার ওপর। প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যদি ভালো জয় দিয়ে শুরু হয়ে যায়, তখন আসলে…।’
২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচেই সেঞ্চুরিয়নে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গে হারলেও শেষ ম্যাচে সেঞ্চুরিয়নে আবার জয় পায় দল। তাতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
সেই সিরিজে বাংলাদেশের সাফল্যের অন্যতম নায়ক ছিলেন তাসকিন। শেষ ম্যাচে ৩৫ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। প্রথম ম্যাচেও তাঁর শিকার ছিল ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।
তবে এবার ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন এই পেসার। তাঁর ভাষায়, ‘ব্যক্তিগত পারফরম্যান্স তো আছেই, কিন্তু দল হিসেবে ভালো ফল না করলে আসলে কোনো লাভ হয় না। লক্ষ্য থাকবে একটাই, কীভাবে দল জিততে পারে।’
নিজের দায়িত্ব সম্পর্কেও পরিষ্কার তাসকিন। বলেছেন, ‘জয়ের জন্য আমার যে অবদান রাখা দরকার, সেটা যেন আমি করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। যেহেতু গতবারের স্মৃতিটা দারুণ…তবে স্মৃতি তো আসলে স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে আসলে।’
টেস্ট সিরিজে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী তাসকিন। তাঁর বিশ্বাস, বাংলাদেশের বোলিং বিভাগ এই সংস্করণে ভালো করার সামর্থ্য রাখে। তিনি বলেন, ‘আশাবাদী, অবশ্যই ভালো (ওয়ানডে সিরিজ) হবে। কারণ, ওয়ানডেতে আমাদের যে মানের বোলিং লাইনআপ আছে, মানে ভালো করেছে অতীতে, এখানেও ভালো করবে আশা করছি। হারলে সবাই মানসিকভাবে একটু হতাশ থাকে। তবে আমার বিশ্বাস, আমরা প্রথম ম্যাচটা ভালোভাবেই শুরু করব ইনশা আল্লাহ।’
এদিকে ইস্ট লন্ডনের বাফেলো পার্কের উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন তাসকিন। অনুশীলনের সময় নেটে বল কিছুটা বেশি গ্রিপ করছিল বলে জানিয়েছেন তিনি। তাসকিন বলেন, ‘আমরা আজকে যেখানে নেট করছিলাম, এখানে বল একটু গ্রিপ করছিল বেশি। সবার কাটারই অনেক ধরছিল।’
তবে অনুশীলনের উইকেটের সঙ্গে ম্যাচের উইকেটের মিল নাও থাকতে পারে বলে মনে করেন তিনি। ম্যাচের দিন উইকেটের আচরণ বুঝে বোলিং পরিকল্পনা সাজাতে চান এই পেসার। তাঁর কথায়, ‘মাঠে (খেলায়) এমন না-ও হতে পারে। মাঠে যদি স্লো হয়, তাহলে উইকেট অনুযায়ীই বোলিং করতে হবে। পিচে যেটা চায়, সেটাই।’
দক্ষিণ আফ্রিকায় এখন গ্রীষ্মকাল শুরু হচ্ছে। এ কারণে উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক হতে পারে বলে ধারণা তাসকিনের। তবে ম্যাচের দিন মাঠে নামার পরই উইকেটের প্রকৃত আচরণ বোঝা যাবে বলে মনে করেন তিনি।
২০২২ সালের সাফল্য এবারও বাংলাদেশকে অনুপ্রাণিত করতে পারে। তবে সেই স্মৃতি নয়, নতুন করে ভালো ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পথ তৈরি করতে চান তাসকিন।
