খেলাধুলা ডেস্ক :   গাম্বিয়ার প্রত্যন্ত এক গ্রামে গাছের ডাল পুঁতে বানানো গোলপোস্টে খালি পায়ে ফুটবল খেলত ছেলেটি। তখন দামি বুট কিংবা আধুনিক অনুশীলন মাঠের সুযোগ ছিল না। সেই ছেলেই এখন বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হওয়ার স্বপ্ন দেখছে। বয়স মাত্র ১৬ বছর। নাম এব্রিমা তুনকারা।

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও এই কিশোরের প্রতিভায় মুগ্ধ। গত শনিবার সংবাদ সম্মেলনে তুনকারাকে নিয়ে কথা বলতে গিয়ে ফ্লিক বলেন, ‘আমার কাছে এব্রিমা দারুণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে ...

খেলাধুলা ডেস্ক : গাম্বিয়ার প্রত্যন্ত এক গ্রামে গাছের ডাল পুঁতে বানানো গোলপোস্টে খালি পায়ে ফুটবল খেলত ছেলেটি। তখন দামি বুট কিংবা আধুনিক অনুশীলন মাঠের সুযোগ ছিল না। সেই ছেলেই এখন বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হওয়ার স্বপ্ন দেখছে। বয়স মাত্র ১৬ বছর। নাম এব্রিমা তুনকারা।

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও এই কিশোরের প্রতিভায় মুগ্ধ। গত শনিবার সংবাদ সম্মেলনে তুনকারাকে নিয়ে কথা বলতে গিয়ে ফ্লিক বলেন, ‘আমার কাছে এব্রিমা দারুণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনে এটা দেখেছি, এবারের প্রাক্‌-মৌসুমেও। দুর্দান্ত খেলোয়াড়, দুর্দান্ত প্রতিভা। আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হয়, এই ক্লাবে ওর বিশাল ভবিষ্যৎ আছে।’

ফ্লিকের এমন প্রশংসা তুনকারাকে নিয়ে বার্সেলোনার প্রত্যাশারই ইঙ্গিত দেয়। ক্লাবটির বিখ্যাত ফুটবল একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা লামিনে ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তরুণ। এবার তুনকারাকেও ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে বার্সেলোনা।

তুনকারার ফুটবলার হয়ে ওঠার গল্পটা অবশ্য বেশ সংগ্রামের। শৈশবে গাম্বিয়ায় স্কুলে যেতে কয়েক কিলোমিটার হাঁটতে হতো তাকে। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে গাম্বিয়া ছেড়ে স্পেনের কাতালোনিয়ায় চলে আসে সে। পরের বছর আট বছর বয়সে সেরদানিওলা ক্লাব থেকে যোগ দেয় বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায়। বাবার এক বন্ধুর হাত ধরেই ক্লাব ফুটবলের সঙ্গে পরিচয় হয়েছিল তার। তখন বার্সেলোনার মতো ক্লাবে যাওয়ার গুরুত্বও বুঝতে পারেনি সে। তুনকারার ভাষায়, ‘কী হচ্ছে, কিছুই বুঝিনি।’

২০২১ সালের গ্রীষ্ম থেকে লা মাসিয়াতেই আছে তুনকারা। পরিবারের ত্যাগের কথাও ভুলে যায়নি সে। স্পেন ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তুনকারা বলেছে, ‘এখানে আসতে পেরে আমি সত্যিই খুশি। বাবা আমাদের ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সাধ্যের সবকিছু করেছেন। পুরো পরিবারের এখানে আসতে অনেক কষ্ট করতে হয়েছে।’

মাঠের পারফরম্যান্সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে এই কিশোর। তুনকারা মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার। নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে গতি ও বল নিয়ন্ত্রণের কথা বলেছে সে। ছোট জায়গায় প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে যাওয়া, বাঁ পায়ে বল নিয়ন্ত্রণ এবং সতীর্থদের গোলের সুযোগ তৈরি করার দক্ষতা রয়েছে তার। খেলার ধরন ও প্রতিভার কারণে তার সঙ্গে লামিনে ইয়ামালের তুলনাও করা হচ্ছে। তবে ইয়ামালের তুলনায় মাঠের আরও ভেতরে, অর্থাৎ আক্রমণভাগের মাঝখানে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য তুনকারার।

তার সাবেক যুব কোচ আলবের্ট পুইগের চোখেও তুনকারা বড় মাপের খেলোয়াড়। স্পোর্টকে তিনি বলেছেন, ‘ওর ওপর সব সময় ভরসা করা যেত। বড় ম্যাচগুলোতে ও ঠিকই আসল কাজটা করে দিত।’

বার্সেলোনার মূল দলের অনুশীলনেও সুযোগ পেয়েছে তুনকারা। গত মৌসুমে ফ্লিক তাকে প্রথম দলের সঙ্গে অনুশীলনের জন্য ডাকেন। এবারের প্রাক্‌-মৌসুমে বার্মিংহাম সিটি, উদিনেস ও বাসেলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে সে। তবে আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে লা লিগার সাম্প্রতিক দুটি ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে সময়। এখনো প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে অভিষেক হয়নি তার।

স্পেনের বয়সভিত্তিক দলেও নিজের প্রতিভার ছাপ রেখেছে তুনকারা। ২০২৬ সালের উয়েফা অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল সে। এরপর কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও নজর কেড়েছে। চীনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়েছে। মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়েও করেছে প্রথম গোল। তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে স্পেন।

তবে তুনকারার উন্নতির জায়গাও চিহ্নিত করেছেন স্পেন অনূর্ধ্ব-১৭ দলের কোচ দাভিদ কুবিয়ো। তাঁর মতে, আগে তুনকারা বল পায়ে বেশি সময় কাটাত এবং পাস দেওয়ার সুযোগ থাকলেও ড্রিবল করার চেষ্টা করত। এখন দ্রুত সিদ্ধান্ত নিতে শিখেছে সে। প্রতিপক্ষের একাধিক খেলোয়াড় ঘিরে ধরলে সতীর্থের অবস্থান বুঝে পাস দেওয়ার দক্ষতাও বেড়েছে।

কুবিয়ো বলেন, ‘গত কয়েক মৌসুমে ওর একটা বাড়তি স্পর্শ নেওয়ার প্রবণতা ছিল, এখন আর নেই। এখন ও জানে, তিনজন চেপে ধরলে একজন সতীর্থ ফাঁকা জায়গায় আছে এবং তাকে ঠিক কীভাবে খুঁজে নিতে হয়। এই জায়গায় ও সত্যিই এগোচ্ছে, আরও কাজ করে যেতে হবে।’

তবে আকাশে বলের নিয়ন্ত্রণ ও হেডিংয়ে আরও উন্নতি করতে হবে তুনকারাকে। কুবিয়োর মতে, ভালো হেডার হলেও এ ক্ষেত্রে নিজের পুরো সামর্থ্য কাজে লাগাতে পারছে না সে। পাশাপাশি মাঠের দুই প্রান্তেই কার্যকর হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন তিনি।

লা মাসিয়া থেকে উঠে এসেছেন লিওনেল মেসি, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা ও লামিনে ইয়ামালের মতো তারকারা। সেই একাডেমির নতুন প্রতিভা হিসেবে তুনকারাকে নিয়েও প্রত্যাশা বাড়ছে। তবে এত আলোচনা ও প্রশংসার মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকতে চায় ১৬ বছর বয়সী এই কিশোর। তার ভাষায়, ‘আমি সবকিছু সহজভাবে নিই। নিজের কাজে মন দিই, ফুটবল খেলি, ব্যস।’

গাম্বিয়ার গ্রামে খালি পায়ে ফুটবল খেলা থেকে বার্সেলোনার মূল দলে জায়গা পাওয়ার স্বপ্ন—তুনকারার পথচলা এখনো অনেক বাকি। তবে প্রতিভা, পরিশ্রম আর বয়সভিত্তিক ফুটবলে সাফল্য দিয়ে ইতিমধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছে সে। এবার অপেক্ষা বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের।