অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

এরই ধারাবাহিকতায় দেশের প্রধান ...

এরই ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ কার্যদিবসের (২-১০ নভেম্বর) টানা পতনে মূল্যসূচক কমে ২৬১ পয়েন্ট। এমন পতনের পরে মঙ্গলবার (১১ নভেম্বর) ১২ পয়েন্টের উত্থান হয়েছে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৭৩ পয়েন্টে।

এর আগে ডিএসইএক্স টানা ৭ কার্যদিবসের পতনের মধ্যে সোমবার ৩৯ পয়েন্ট, রবিবার ৬৮ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটি ৭ কার্যদিবসে কমে ২৬১ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১৬ কোটি ৫৮ লাখ টাকার বা ৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৩ টি বা ৪৭.০৪ শতাংশের। আর দর কমেছে ১৪৪ টি বা ৩৭.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৯৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩ টির, কমেছে ৬৮ টির এবং পরিবর্তন হয়নি ১৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট কমেছিল।