শেয়ারপ্রতি ৫.৯৫ টাকা লোকসান কম দেখিয়েছে অলটক্সে ইন্ডাস্ট্রিজ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েক বছর ধরে ব্যবসায় লোকসানে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ। তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রকৃত লোকসানের পরিমাণ প্রকাশ করেনি। তারা আর্থিক হিসাবে কম লোকসান দেখিয়েছে। এক্ষেত্রে তারা সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ৩৩ কোটি টাকার বেশি বা শেয়ারপ্রতি ৫.৯৫ টাকা করে লোকসান কম দেখিয়েছে।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে সোনালি ব্যাংক থেকে নেওয়া ঋনের বিপরীতে ৩৩.২৮ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েক বছর ধরে ব্যবসায় লোকসানে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ। তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রকৃত লোকসানের পরিমাণ প্রকাশ করেনি। তারা আর্থিক হিসাবে কম লোকসান দেখিয়েছে। এক্ষেত্রে তারা সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ৩৩ কোটি টাকার বেশি বা শেয়ারপ্রতি ৫.৯৫ টাকা করে লোকসান কম দেখিয়েছে।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে সোনালি ব্যাংক থেকে নেওয়া ঋনের বিপরীতে ৩৩.২৮ কোটি টাকার সুদজনিত ব্যয়কে মওকুফ হিসাবে সংরক্ষিত মুনাফার (রিটেইন আর্নিংস) সঙ্গে সমন্বয় করেছে। তবে বাংলাদেশ ব্যাংকের গত বছরের ২৪ সেপ্টেম্বরের এক চিঠি অনুযায়ি তারা এমন করতে পারে না। যা করে কোম্পানি কর্তৃপক্ষ ৩৩.২৮ কোটি টাকার সংরক্ষিত মুনাফা বেশি ও সমপরিমাণ সোনালি ব্যাংকের ঋণ কম দেখিয়েছে। এছাড়া ইনকাম স্টেটমেন্টে ওই অর্থকে ব্যয় হিসেবে না দেখিয়ে লোকসান কমিয়ে দেখিয়েছে।
এতে করে কোম্পানি কর্তৃপক্ষ ওই অর্থবছরে শেয়ারপ্রতি ৫.৯৫ টাকা কম লোকসান দেখিয়েছে। তারা ওই অর্থবছরে শেয়ারপ্রতি ০.১৮ টাকা লোকসান দেখিয়েছে। অর্থাৎ তারা শেয়ারপ্রতি ৬.১৩ টাকার লোকসানকে কমিয়ে ০.১৮ টাকা দেখিয়েছে।
একইভাবে ৩৩.২৮ কোটি টাকার ঋণজনিত দায় কম দেখিয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এর মাধ্যমে শেয়ারপ্রতি ৫.৯৫ টাকার নিট সম্পদ বেশি দেখানো হয়েছে। তারা ২০২৫ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ দেখিয়েছে ২৪.৭৭ টাকা।
প্রাইম ব্যাংকে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ১৭.২০ কোটি টাকার ঋণ দেখিয়েছে। তবে নিরীক্ষক এই ঋণের বিষয়ে সত্যতা যাচাইয়ে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিলে, তারা অলটেক্স ইন্ডাস্ট্রিজের কাছে ৯৪.৬০ কোটি টাকা পাওনার কথা জানিয়েছে। এক্ষেত্রে অলটেক্সের তুলনায় ব্যাংকের দাবি করা অর্থের পরিমাণ বেশি ৬৮.২৭ কোটি টাকা। এ নিয়ে কোন সঞ্চিতি গঠন করেনি অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। এর মাধ্যমে ৬৮.২৭ কোটি টাকার বা শেয়ারপ্রতি ১২.২০ টাকার সম্পদ বেশি দেখানো হয়েছে।
আরও পড়ুন....
অলটেক্সের পূঞ্জীভূত লোকসান ১১৩ কোটি টাকা : নেই ঋণ পরিশোধের সক্ষমতা
অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ওয়ান ব্যাংকে ৬২.৮০ কোটি টাকার ঋণ দেখিয়েছে। তবে নিরীক্ষক এই ঋণের বিষয়ে সত্যতা যাচাইয়ে ওয়ান ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিলে, তারা অলটেক্স ইন্ডাস্ট্রিজের কাছে ৬৪.৩৬ কোটি টাকা পাওনার কথা জানিয়েছে। এক্ষেত্রে অলটেক্সের তুলনায় ব্যাংকের দাবি করা অর্থের পরিমাণ বেশি ১.৫৬ কোটি টাকা। এ নিয়ে কোন সঞ্চিতি গঠন করেনি অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। এর মাধ্যমে ১.৫৬ কোটি টাকার বা শেয়ারপ্রতি ০.২৮ টাকার সম্পদ বেশি দেখানো হয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২০২৪-২৫ অর্থবছরে গ্রাহকদের কাছ থেকে ৩২.৫১ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে নগদে ২০.৭৬ কোটি টাকা এবং ১১.৭৬ কোটি টাকা ব্যাংকি চ্যানেলে সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে নগদে ৬৪% সংগ্রহ করাকে খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে। যা অবশ্যই কমিয়ে আনতে হবে।
এছাড়া কারখানার ভবন নির্মাণে ডেভেলপার কোম্পানি কিউব ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫.২৫ কোটি টাকা নগদ দেওয়া ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নিরীক্ষক। ফলে এ জাতীয় নগদ লেনদেন কমানো দরকার।
তিতাস গ্যাসের কাছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৯৩ কোটি টাকার দায় রয়েছে। যা সমাধান করা হয়নি। এটি সমাধান করতে করণীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রধান কাঁচামাল গ্রে ফেব্রিক। তবে কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে ৩৭.৯৫ কোটি টাকার পণ্য বিক্রির মধ্যে মাত্র ৮.১৪ কোটি টাকার বা ২১% গ্রে ফেব্রিক ব্যবহার করা হয়েছে। যে কোম্পানিটির ওই অর্থবছরে কোন পণ্য রপ্তানি হয়নি।
এসব বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মূখপাত্র আবুল কালাম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, ১৯৯৬ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে ৬৩.৭৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (১৪ ফেব্রুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ১৫.০০ টাকায়।
