ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি

২০২৬ জুন ১৩ ১০:৪৪:২৪
বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি

কিছুটা দেরিতেই শুরু হচ্ছে ইংল্যান্ডের ২০২৬ ফুটবল বিশ্বকাপ অভিযান। ১৭ জুন দিবাগত রাতে প্রথম ম্যাচ হওয়ায় অন্য দলগুলোর তুলনায় বিলম্বে বেস ক্যাম্পে পৌঁছেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পা রাখার আগেই বিপত্তিতে পড়েছে ইংল্যান্ড শিবির। দলটির বেশ কিছু অনুশীলন সরঞ্জাম চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয় ইংল্যান্ড দল। তাদের ফুটবল অ্যাসোসিয়েশন এখনো ঠিক কী কী সরঞ্জাম খোয়া গেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে ফুটবল ও খেলোয়াড়দের বুট রয়েছে।

কানসাস সিটির সোপ সকার ভিলেজে বিশ্বকাপের জন্য নিজেদের বেস ক্যাম্প স্থাপন করার কথা ইংলিশদের। সেখান থেকেই অনুশীলনের এসব সরঞ্জাম চুরি হয়েছে বলে অভিযোগ। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, চুরি হওয়া জিনিসের তালিকায় ইংল্যান্ডের কয়েকজন তারকা খেলোয়াড়ের বুটও রয়েছে। পাশাপাশি অফিসিয়াল টুর্নামেন্ট বল ও অনুশীলনের আরও কিছু উপকরণ খোয়া গেছে।

নতুন কোচ থমাস টুখেল-এর অধীনে থাকা দলটি শনিবার বিকেলে প্রথমবারের মতো বেস ক্যাম্পে অনুশীলনে নামার কথা রয়েছে। তবে সরঞ্জাম চুরির ঘটনায় প্রস্তুতিতে কিছুটা হলেও বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চুরির ঘটনায় মন্তব্য জানতে চাওয়া হলে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। এফএ–এর সঙ্গে সমন্বয়কারী পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

আগামী বুধবার দিবাগত রাত ২টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আরেক ইউরোপীয় শক্তিশালী দল ক্রোয়েশিয়া। একই গ্রুপে ইংল্যান্ডের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ঘানা ও পানামা।

১৯৬৬ সালে প্রথম ও একমাত্রবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ইংল্যান্ড এবার অধিনায়ক হ্যারি কেইন-এর নেতৃত্বে এবং টুখেলের কৌশলে নতুন করে শিরোপার স্বপ্ন দেখছে। তবে বিশ্বকাপের শুরুতেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাদের প্রস্তুতিতে বাড়তি সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন