ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণে ব্যাংকের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত: মুজেরী

২০২৬ নভেম্বর ২৯ ০৮:৪১:১৯
রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণে ব্যাংকের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত: মুজেরী

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও ব্যক্তিগত স্বার্থের কারণে ব্যাংকের ঋণ বিতরণ, নিয়োগ ও ব্যবস্থাপনায় পেশাদারত্ব বাধাগ্রস্ত হচ্ছে। এতে ব্যাংকের সম্পদের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি খেলাপি ঋণের ঝুঁকি বাড়ছে। আর এসব অনিয়মের আর্থিক বোঝা শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে আমানতকারী ও শেয়ারহোল্ডারদের।

ব্যাংক খাতের নৈতিকতা, জবাবদিহি ও আস্থা নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এমন উদ্বেগের কথা তুলে ধরেছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী।

গতকাল শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

মুস্তফা কে মুজেরী বলেন, ব্যাংকিং ব্যবস্থা জনগণের আস্থার ওপর প্রতিষ্ঠিত। মানুষ নিরাপদে সঞ্চয় রাখার প্রত্যাশায় ব্যাংকে অর্থ জমা রাখেন। কিন্তু রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ ও অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে ঋণ বিতরণ করা হলে ব্যাংকিংয়ের মৌলিক নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ব্যাংকের ঋণ অনুমোদন, নিয়োগ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কার্যক্রমে অতিরিক্ত বাহ্যিক চাপ প্রতিষ্ঠানের স্বাধীনতা দুর্বল করে দেয়। এতে পেশাদারত্বের ভিত্তিতে ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার বদলে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পাওয়ার আশঙ্কা তৈরি হয়।

ব্যাংকের পরিচালক, প্রভাবশালী শেয়ারহোল্ডার কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক থাকলেও তা যথাযথভাবে প্রকাশ ও নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অন্যথায় ঋণ বিতরণে পক্ষপাত তৈরি হতে পারে, যা ব্যাংকের স্বচ্ছতা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করে।

মুস্তফা কে মুজেরীর মতে, ঋণগ্রহীতার সক্ষমতা যথাযথভাবে যাচাই না করে রাজনৈতিক যোগাযোগ বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ঋণ দিলে ব্যাংকের সম্পদের গুণমান নষ্ট হয়। ঋণ পরিশোধের দায়িত্ব যেমন ঋণগ্রহীতার, তেমনি ঋণ দেওয়ার আগে সক্ষমতা যাচাই করার দায়িত্ব ব্যাংকেরও রয়েছে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে প্রকৃত অর্থনৈতিক সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক ঋণ পুনর্গঠনের সুযোগ রাখা যেতে পারে।

তিনি সতর্ক করে বলেন, প্রভাবশালী ঋণগ্রহীতারা বারবার ঋণের মেয়াদ বাড়ানো, বিশেষ সুবিধা কিংবা ঋণ মওকুফের প্রত্যাশা করলে পুরো ঋণব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এতে সৎ ঋণগ্রহীতারা অসম প্রতিযোগিতার মুখে পড়েন এবং কৌশলগতভাবে ঋণখেলাপি হওয়ার প্রবণতা উৎসাহিত হয়।

ব্যাংকের গ্রাহকসেবার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, সুদের হার, ফি, ঋণের শর্ত, ঝুঁকি ও চুক্তিবদ্ধ দায় সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট তথ্য দেওয়া ব্যাংকের দায়িত্ব। অনৈতিকভাবে বাড়তি চার্জ আদায়, সেবা দিতে অযথা বিলম্ব কিংবা গ্রাহকের তথ্য সুরক্ষায় ব্যর্থতা ব্যাংকিং খাতের নৈতিকতার পরিপন্থী।

ব্যাংক কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আনার পরামর্শ দেন মুস্তফা কে মুজেরী। শুধু ঋণ বিতরণের পরিমাণ বা স্বল্পমেয়াদি মুনাফা নয়, ঋণের গুণমান, ঝুঁকি ব্যবস্থাপনা ও দায়িত্বশীল আচরণকেও মূল্যায়নের মানদণ্ড করতে হবে। একই সঙ্গে অনিয়মের জন্য বিশ্বাসযোগ্য শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত দিনের নৈরাজ্য থেকে বেরিয়ে এসে সরকার অর্থনীতিকে সচল করার চেষ্টা করছে। এ জন্য সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। কোনো তথ্য বা সংখ্যাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির ভিত্তিতে ঋণ বিতরণ গ্রহণযোগ্য নয়। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের প্রশ্রয় দেওয়া উচিত হবে না। তবে প্রকৃত সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকা প্রয়োজন।

পাঠকের মতামত:

ব্যাংক এর সর্বশেষ খবর

ব্যাংক - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন