ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ বিনিয়োগকারীদের জন্য ফিরছে লটারি পদ্ধতি

আইপিওতে দরপ্রস্তাব অনুযায়ী শেয়ার কিনতে হবে যোগ্য বিনিয়োগকারীদের

২০২৬ নভেম্বর ২৬ ২০:০৩:২৬
আইপিওতে দরপ্রস্তাব অনুযায়ী শেয়ার কিনতে হবে যোগ্য বিনিয়োগকারীদের

অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারের মূল্য নির্ধারণ ও বরাদ্দ পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় যোগ্য বিনিয়োগকারীরা যে দামে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, তাঁদের সেই দামেই শেয়ার কিনতে হবে। আর সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দের পরিবর্তে ফিরছে লটারি পদ্ধতি। অর্থাৎ কে কত টাকা বিনিয়োগের আবেদন করেছেন, তার ভিত্তিতে নয়, লটারির মাধ্যমে তাঁদের মধ্যে আইপিওর শেয়ার বণ্টন করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিবর্তনের কথা জানান বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

‘নতুন আইপিও, নতুন সম্ভাবনা: বাংলাদেশের শেয়ারবাজারে বড় তালিকাবহির্ভূত কোম্পানিগুলোকে যুক্ত করার যৌক্তিকতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি)। একই অনুষ্ঠানে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

মাসুদ খান বলেন, নতুন ব্যবস্থায় প্রতিযোগিতামূলক দরপ্রস্তাবের মাধ্যমে শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে। বর্তমানে বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীরা বিভিন্ন দামে শেয়ার কেনার প্রস্তাব দেন। তাঁদের প্রস্তাবের ভিত্তিতে পরে একটি কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়। এরপর ওই নির্ধারিত দামেই যোগ্য বিনিয়োগকারীদের শেয়ার কিনতে হয়। তবে নতুন বিধিমালায় প্রত্যেক বিনিয়োগকারীকে তাঁর প্রস্তাবিত দামেই শেয়ার কিনতে হবে। এতে দরপ্রস্তাবে প্রতিযোগিতা বাড়বে এবং শেয়ারের মূল্য নির্ধারণ আরও কার্যকর হবে বলে মনে করছে কমিশন।

সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনা করছে বিএসইসি। বর্তমানে আইপিওতে আবেদনকারীদের বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে আনুপাতিক হারে শেয়ার দেওয়া হয়। নতুন নিয়মে এ পদ্ধতি তুলে দিয়ে লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দের পরিকল্পনা রয়েছে কমিশনের। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার পাওয়ার সুযোগ আরও সমানভাবে বণ্টিত হবে বলে মনে করছে বিএসইসি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার হোসেন সাদাত বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কমিশন। এ জন্য নীতিমালা প্রণয়ন, শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ এবং বাজারের সব অংশীজনের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে তাঁদের সমস্যা ও অগ্রাধিকার চিহ্নিত করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর গত প্রায় চার মাসে এ ধরনের অনেক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নতুন উদ্যোগ নেওয়া হবে। পুঁজিবাজারের অংশীজনদের গঠনমূলক মতামত শুনতে এবং সমস্যা সমাধানে বিএসইসির দরজা খোলা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুঁজিবাজারে ইতিবাচক ও সবার জন্য লাভজনক পরিবেশ গড়ে তুলতে চায় কমিশন।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দেশের শেয়ারবাজারে বড় ও ভালো মানের তালিকাবহির্ভূত কোম্পানিগুলোকে যুক্ত করতে প্রাথমিক বাজারে শক্তিশালী আইপিও পাইপলাইন গড়ে তোলা জরুরি। দীর্ঘ মেয়াদে অধিকাংশ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু দ্বিতীয় বাজারের উন্নয়ন যথেষ্ট নয়। নতুন আইপিও ও সরাসরি তালিকাভুক্তির বিধিমালায় আর্থিক, উৎপাদন ও সেবা খাতের জন্য খাতভিত্তিক নমনীয়তা রাখা প্রয়োজন। কারণ, বর্তমান মূল্যায়ন কাঠামো উৎপাদন খাতের প্রতি বেশি ঝুঁকে রয়েছে।

তিনি আরও বলেন, আইপিও আবেদন দ্রুত নিষ্পত্তিতে ডিএসই প্রস্তুত রয়েছে। তবে মানসম্মত প্রসপেক্টাস তৈরি এবং বিনিয়োগকারীদের কাছে স্বচ্ছ ও ন্যায্য তথ্য প্রকাশ নিশ্চিত করতে ইস্যু ব্যবস্থাপকদের সক্ষমতা বাড়াতে হবে। এতে বিনিয়োগকারীরা জেনে-বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।

বিএপিএলসির সভাপতি রিয়াদ বলেন, বর্তমান কমিশন আইনের মধ্যে থেকে তাঁদের সব যৌক্তিক দাবি পূরণ করেছে। এমনকি কিছু ক্ষেত্রে আইন সংশোধন করেও এসব দাবি পূরণ করা হয়েছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রতিবেশী দেশগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লেও বাংলাদেশের শেয়ারবাজারে তা কমছে। দেশের বাজারে নানা সমস্যা রয়েছে। এর পাশাপাশি ভালো অনেক কোম্পানির শেয়ারদরও ব্যাপকভাবে কমে গেছে। ফলে এসব কোম্পানির শেয়ার অবমূল্যায়িত হয়ে পড়েছে। ভালো কোম্পানিকে ন্যায্য মূল্য দিতে না পারলে সেসব প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা কঠিন হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, বিএসইসি বাস্তবসম্মত বিধিবিধান প্রণয়ন করেছে। এর ফলে আইপিওর স্থবিরতা কাটবে। পাশাপাশি ব্যাংকনির্ভরতা কমাতেও এ উদ্যোগ সহায়ক হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইসওয়াটারহাউসকুপার্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। অনুষ্ঠানে বিএপিএলসির সাবেক সভাপতিরাও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন