ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

২০২৬ নভেম্বর ২১ ০৯:৪২:২৬
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক

শ্রবণশক্তির সমস্যার কারণে দীর্ঘদিন ধরে গানের জগৎ থেকে দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। শারীরিক অসুস্থতার কারণে জনসমক্ষে উপস্থিতিও কমিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই গায়িকা। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ে আয়োজিত একটি বিশেষ সংগীত অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন তিনি।

পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘কেয়া জামানা থা’ শিরোনামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অলকাকে আমন্ত্রণ জানাতে নিজেই তাঁর বাড়িতে গিয়েছিলেন সুভাষ ঘাই। পরিচালকের আমন্ত্রণে হাসিমুখে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অলকার সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করে সুভাষ ঘাই লিখেছেন, অলকা আবারও নিজের পরিচিত প্রাণশক্তি ও উজ্জ্বলতা নিয়ে ফিরে আসছেন। তাঁর কণ্ঠ, ব্যক্তিত্ব ও প্রাণচাঞ্চল্যে এখনো সেই পরিচিত জাদু রয়েছে বলে মন্তব্য করেন পরিচালক।

অলকার প্রতিক্রিয়া জানিয়ে সুভাষ ঘাই আরও বলেন, আমন্ত্রণ জানানোর পর অলকা উঠে দাঁড়িয়ে হাসিমুখে অনুষ্ঠানে আসার সম্মতি জানিয়েছেন। তাঁর এই উত্তর সবাইকে আনন্দিত করেছে।

সুভাষ ঘাইয়ের পরিচালনায় একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে গান গেয়েছেন অলকা। এর মধ্যে রয়েছে ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’ ও ‘ইয়াদেঁ’। দীর্ঘদিনের এই পেশাগত সম্পর্কের কারণে বিশেষ অনুষ্ঠানটিতে অলকার উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আকস্মিক ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন অলকা ইয়াগনিক। এরপর থেকে নিয়মিত গান ও মঞ্চানুষ্ঠান থেকে দূরে রয়েছেন তিনি। চিকিৎসার পরও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি গায়িকা। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এখনো নানা শারীরিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁকে। এ কারণে অনেক সময় কাজের প্রস্তাব পেয়েও তা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

তাই দীর্ঘ বিরতির পর সুভাষ ঘাইয়ের এই অনুষ্ঠানে অলকার অংশ নেওয়ার খবর তাঁর অনুরাগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন