ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল

২০২৬ নভেম্বর ১৯ ২০:১১:৩৩
ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে নতুন পণ্য হিসেবে যুক্ত হতে যাচ্ছে সোনা, রুপা ও অপরিশোধিত পাম অয়েল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে এসব পণ্য লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে এসব পণ্যের বাস্তব সরবরাহের পরিবর্তে নগদ নিষ্পত্তির মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিএসইর কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর উদ্যোগসংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান বলেন, বাংলাদেশের শেয়ারবাজার ঐতিহ্যগতভাবে ইক্যুইটিনির্ভর। কয়েক বছর আগে বন্ড লেনদেন চালু হলেও এখন পর্যন্ত সেখানে সক্রিয় লেনদেন গড়ে ওঠেনি। শুধু শেয়ারনির্ভর বাজার দিয়ে শেয়ারবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজারের পরিধি বাড়াতে নতুন আর্থিক পণ্য চালু করা জরুরি। ডেরিভেটিভস লেনদেনও সময়ের দাবি।

তিনি বলেন, কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে সোনা, রুপা ও অপরিশোধিত পাম অয়েল লেনদেনের সুযোগ থাকবে। এসব পণ্যের লেনদেনের মাধ্যমে দেশে একটি বেঞ্চমার্ক মূল্য তৈরি হবে, যা বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও খুচরা বিনিয়োগকারীরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এ বাজার চালুতে ব্রোকার, পণ্য, লেনদেন ব্যবস্থা ও প্রতিষ্ঠানসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিএসইসি কাজ করছে।

প্রাথমিক পর্যায়ে পণ্যের বাস্তব সরবরাহের সুযোগ থাকছে না জানিয়ে তিনি বলেন, বড় পরিমাণে সোনা, রুপা কিংবা পাম অয়েল সরবরাহ করা বেশ চ্যালেঞ্জিং। তাই আপাতত নগদ নিষ্পত্তির মাধ্যমে লেনদেন হবে। বাজারের সক্ষমতা বাড়লে ভবিষ্যতে পণ্যের বাস্তব সরবরাহের সুযোগ চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

নতুন বাজারের সফলতার জন্য বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের শেয়ারবাজারের প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী খুচরা শ্রেণির। তাঁদের অনেকেরই শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। বন্ড ও ডেরিভেটিভসের মতো জটিল পণ্য সম্পর্কে তাঁদের শিক্ষিত করতে হবে। একই সঙ্গে ব্রোকারদেরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, নতুন বাজারে শুরুতে ক্রেতা থাকলেও বিক্রেতার সংকট দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে লেনদেন সচল রাখতে শক্তিশালী মার্কেট মেকার প্রয়োজন। ডেরিভেটিভস বাজার চালু হলেই রাতারাতি বড় লেনদেন হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। ভারতের এমসিএক্সের উল্লেখযোগ্য লেনদেন গড়ে তুলতেও প্রায় এক দশক সময় লেগেছে। তাই বাংলাদেশের এ বাজারের উন্নয়নেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধৈর্য প্রয়োজন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন