ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

২০২৬ নভেম্বর ১৯ ০৭:৩৫:৪০
মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক : রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। সেসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আটকের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার সরাসরি সম্প্রচারে আসেন এই অভিনেত্রী। এ সময় তাঁর বাসার দরজার বাইরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। সরাসরি সম্প্রচারে জ্যোতিকা দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

এ সময় দরজার বাইরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিরা তাঁকে দরজা খুলতে বলেন। জবাবে তাঁদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা জানতে চান জ্যোতিকা। বাইরে থেকে জানানো হয়, তাঁদের কাছে কোনো পরোয়ানা নেই। একপর্যায়ে একজনকে বলতে শোনা যায়, ‘কিসের ওয়ারেন্ট, ফ্যাসিস্ট কোথাকার।’

পরে দ্বিতীয়বার সরাসরি সম্প্রচারে এসে সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ তোলেন জ্যোতিকা। তিনি বলেন, তাঁকে ও তাঁদের মতো কয়েকজনকে কাজের সুযোগ না দিয়ে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছে। এখন পুলিশ তাঁকে আটক করতে এসেছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, কোনো অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন। পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতিকা বলেন, তাঁকে ফোন করা হলে তিনি নিজেই থানা কিংবা ডিবি কার্যালয়ে যেতেন। তবে তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়। তিনি স্বেচ্ছায় পুলিশের সঙ্গে যেতে রাজি আছেন বলেও জানান। সরাসরি সম্প্রচারের শেষ দিকে বাবা-মাকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁরা যেন ভয় না পান।

জ্যোতিকা জ্যোতির নাম আলোচনায় আসে ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রুপটির কিছু কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

পরে ফেসবুক সরাসরি সম্প্রচারে এসে গ্রুপটিতে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। জ্যোতির দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি।

এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা। তখন তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে তাঁর বিরোধিতা করেন সহকর্মীদের একাংশ। পরে তিনি অফিস ত্যাগ করেন। একই বছরের ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শিল্পকলা একাডেমি।

এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায়ও জ্যোতিকা জ্যোতির নাম ছিল।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন