ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন

২০২৬ নভেম্বর ১৯ ১৫:৪৮:৩০
পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন

দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে দেশের শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যে ৯৩ বিনিয়োগকারীর জব্দ থাকা কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্ত বাজারে নতুন করে আশার সঞ্চার করেছে। এমন পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসেই প্রধান মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে টানা সূচক বাড়লেও বাজারের সার্বিক চিত্রে সেই ইতিবাচক প্রবণতার প্রতিফলন দেখা যায়নি। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও ডিএসইতে দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের। পাশাপাশি আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৬ পয়েন্টে। এর মধ্য দিয়ে টানা পাঁচ কার্যদিবস সূচকটির উত্থান হলো। চলতি সপ্তাহের আগের চার কার্যদিবসের মধ্যে বুধবার ৯ পয়েন্ট, মঙ্গলবার ২৯ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট এবং রোববার ১৬ পয়েন্ট বেড়েছিল সূচকটি। অর্থাৎ, সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে মোট ৬২ পয়েন্ট।

তবে সূচকের ধারাবাহিক উত্থানের বিপরীতে লেনদেনে কিছুটা ভাটা দেখা গেছে। বৃহস্পতিবার ডিএসইতে ৭৪৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮১৯ কোটি ৯০ লাখ টাকার। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৭৩ কোটি ২৬ লাখ টাকা বা প্রায় ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে ১২৬টির বা ৩৫ দশমিক ৯০ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৭১টির বা ৪৮ দশমিক ৭২ শতাংশের দাম কমেছে। আর ৫৪টির বা ১৫ দশমিক ৩৮ শতাংশের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ, পাঁচ দিন ধরে সূচক বাড়লেও বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে সূচকের উত্থানের সঙ্গে বাজারের অধিকাংশ শেয়ারের দামের প্রবণতার পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৭৩টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৩ পয়েন্টে।

এর আগের কার্যদিবস বুধবারও সিএসইতে সূচকের উত্থান হয়েছিল। সেদিন এক্সচেঞ্জটিতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের পাশাপাশি সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছিল। সেই হিসাবে এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় তিন গুণ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন