ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিলামে বাবা-ছেলে জুটি নবী ও হাসান

২০২৬ নভেম্বর ২৫ ১৮:৫২:০৮
আইপিএল নিলামে বাবা-ছেলে জুটি নবী ও হাসান

খেলাধুলা ডেস্ক : আইপিএল ২০২৭-এর মিনি নিলামে নাম নিবন্ধন করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান ইসাখিল। বাবা ও ছেলের ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়েছে আলাদা। ৪১ বছর বয়সী নবীর ভিত্তিমূল্য ১ কোটি রুপি, আর ছেলে হাসান রেখেছেন ৭৫ লাখ রুপি। দুজনই চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা পেলে আইপিএলের ইতিহাসে একই নিলামে নাম তোলা প্রথম বাবা-ছেলে জুটি হবেন তাঁরা।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। তার আগে বাবা-ছেলের একসঙ্গে নিবন্ধনের খবর ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

আইপিএলে অবশ্য নতুন নন মোহাম্মদ নবী। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই প্রতিযোগিতায় অভিষেক হয় তাঁর। পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও। আইপিএলে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ২১৫ রান করার পাশাপাশি নিয়েছেন ১৫ উইকেট। অভিজ্ঞ এই স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়ে নিলামে আগ্রহ দেখাতে পারে দলগুলো।

অন্যদিকে হাসান ইসাখিলের সামনে আইপিএলে খেলার প্রথম সুযোগ। ২০২৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এবার বাবার পথ অনুসরণ করে বিশ্বের অন্যতম বড় টি-টুয়েন্টি লিগে জায়গা করে নেওয়ার অপেক্ষায় তরুণ এই ক্রিকেটার।

বাবা-ছেলের একসঙ্গে খেলার অভিজ্ঞতা অবশ্য এরই মধ্যে হয়েছে। ২০২৬ সালের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই দলে খেলেছেন তাঁরা। ১১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে দুজনই ছিলেন একাদশে। ওই ম্যাচে হাসান ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে নবী করেন ১৩ বলে ১৭ রান। চতুর্থ উইকেটে দুজন মিলে ৩০ বলে যোগ করেন ৫৩ রান। ছেলের হাতে নোয়াখালী এক্সপ্রেসের অভিষেক ক্যাপও তুলে দিয়েছিলেন নবী। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দলের হয়ে খেলা প্রথম বাবা-ছেলে জুটি হিসেবেও তাঁদের নাম উঠে এসেছে।

আইপিএল ২০২৭-এর নিলামের জন্য এবার নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ভারতীয় ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন। তবে ১০টি দলের খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে মাত্র ৬৬টি। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি জায়গা। মিনি নিলামের আগে দলগুলো ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।

নিবন্ধিত ক্রিকেটারদের প্রাথমিক তালিকা যাচাই-বাছাইয়ের পর প্রকাশ করা হবে চূড়ান্ত নিলাম তালিকা। সেই তালিকায় মোহাম্মদ নবী ও তাঁর ছেলে হাসান দুজনই জায়গা পান কি না, এখন সেটিই দেখার বিষয়।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন