ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব

২০২৬ নভেম্বর ২৬ ০৯:৪৫:৪৬
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা’ মোকাবিলার যুক্তিতে এ প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। নতুন প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক নির্ধারণের কথা বলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় এ-সংক্রান্ত ঘোষণা দেয় ইউএসটিআর। তবে প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এ বিষয়ে গণশুনানি ও জনমত গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আগামী বছরের জানুয়ারির আগে নতুন শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে আট মাস ধরে তদন্ত চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে পরিচালিত এ তদন্তের পর ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব করা হয়েছে।

শুল্কের প্রস্তাবের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের আওতায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব করা হয়নি।

ইউএসটিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ পাঁচটি দেশের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ হার ১৮ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ কয়েকটি দেশের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। তবে দেশগুলোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য সমঝোতার কারণে শুল্কের হার ও সীমায় ভিন্নতা রয়েছে।

নতুন শুল্কের প্রভাব নিয়ে বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। তবে প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ক বাংলাদেশের পণ্যে বর্তমানে কার্যকর থাকা শুল্কের সঙ্গে সরাসরি যোগ হবে না বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তাঁদের ভাষ্য অনুযায়ী, আগে থেকে কার্যকর থাকা নির্দিষ্ট শুল্ক এবং নতুন প্রস্তাবিত শুল্কের মধ্যে যেটি বেশি, সেটিই প্রযোজ্য হবে। ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর যুক্তরাষ্ট্রের আলাদা আইনের আওতায় আরোপিত শুল্কের ক্ষেত্রেও নতুন প্রস্তাব যুক্ত হবে না।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর সঙ্গে নিয়মিত সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্ক যুক্ত হয়ে অনেক বাংলাদেশি তৈরি পোশাকের ক্ষেত্রে মোট শুল্কের হার ২৫ শতাংশের বেশি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, শুল্কের আওতায় থাকা দেশগুলো সরকারি ভর্তুকি, শিল্পনীতি এবং চীন থেকে আমদানি করা যন্ত্রাংশ ও কাঁচামাল ব্যবহার করে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গড়ে তুলছে। এতে বাজারের স্বাভাবিক চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং মার্কিন শিল্প ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।

বিশ্লেষকদের ধারণা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের প্রবণতা নিয়ন্ত্রণ করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তবে নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর পণ্য রপ্তানিতে কী প্রভাব পড়বে, তা নির্ভর করবে চূড়ান্ত শুল্কহার ও বাণিজ্য সমঝোতার শর্তের ওপর।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন