ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

২০২৬ নভেম্বর ২৬ ০৮:৫৯:০৮
ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মো. খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে করা তাঁর পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। ফলে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে দাপ্তরিক পদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন না তিনি।

গত মঙ্গলবার বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে জারি করা চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে নতুন কোনো তথ্য বা যুক্তিসংগত কারণ দেখাতে পারেননি খায়রুল বাশার। আগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল, এমন প্রমাণও তিনি দিতে পারেননি।

এর আগে গত ৩০ জুলাই খায়রুল বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করে বিএসইসি। ওই আদেশ অনুযায়ী, কোনো স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি কিংবা বিএসইসির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো দাপ্তরিক পদে নিয়োগ পাওয়ার যোগ্য নন তিনি। এ আদেশ পুনর্বিবেচনার জন্য গত ১ সেপ্টেম্বর কমিশনে আবেদন করেন খায়রুল বাশার।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২৬ ধারা অনুযায়ী আবেদনটি পর্যালোচনা করে বিএসইসি। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, রিভিউ আবেদনে নতুন কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি খায়রুল বাশার। পাশাপাশি আগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল, এমন যুক্তিও দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। সংশ্লিষ্ট নথি, তথ্য-উপাত্ত ও আইন পর্যালোচনা করে নিষেধাজ্ঞা বাতিল বা পরিবর্তনের কোনো কারণ পায়নি কমিশন। তাই আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

ডিএসইর সিআরও হিসেবে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশেষ করে ২০২৪ সালে মশিউর সিকিউরিটিজসহ সাতটি ব্রোকারেজ হাউজের পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত সময়ে বিএসইসিতে জমা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি কমিশনের নজরে আসে। এসব প্রতিবেদন সময়মতো জমা না পড়ায় ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ব্যাহত হয়েছিল বলে মনে করে বিএসইসি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন