ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিবেদনে আস্থার ঘাটতি কমাতে আইসিএবিকে তাগিদ বিএসইসি চেয়ারম্যানের

২০২৬ নভেম্বর ২৮ ২০:২৫:৪৯
আর্থিক প্রতিবেদনে আস্থার ঘাটতি কমাতে আইসিএবিকে তাগিদ বিএসইসি চেয়ারম্যানের

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ভূমিকা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, শুধু আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করলেই হবে না, সেগুলো বাস্তবে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

মাসুদ খান বলেন, আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়লে বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে। এতে কোম্পানিগুলোর মূলধন সংগ্রহের ব্যয়ও কমে আসবে। কারণ, মূলধন ব্যয়ের সঙ্গে বাজারের ঝুঁকি প্রিমিয়ামের সরাসরি সম্পর্ক রয়েছে। আর্থিক প্রতিবেদনের মান উন্নত হলে ঝুঁকি প্রিমিয়াম কমার সুযোগ তৈরি হবে, যা কোম্পানিগুলোকে তুলনামূলক কম ব্যয়ে অর্থ সংগ্রহে সহায়তা করবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ২৫তম আইসিএবি বার্ষিক প্রতিবেদন পুরস্কার-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএসইসি চেয়ারম্যান বলেন, মূলধন ব্যয় নির্ধারণে ঝুঁকিমুক্ত সুদের হার ও বাজারের ঝুঁকি প্রিমিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্থিক প্রতিবেদনের তথ্য যত বেশি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে, বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত মুনাফার প্রত্যাশা তত কমতে পারে। এতে কোম্পানির মূলধন সংগ্রহের ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।

এ ক্ষেত্রে নতুন আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ১৮ বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই মান কার্যকর হলে কোম্পানিগুলোর আর্থিক তথ্য উপস্থাপনে আরও স্পষ্টতা ও স্বচ্ছতা আসবে।

আর্থিক প্রতিবেদনের মানদণ্ডের অভিভাবক হিসেবে আইসিএবির দায়িত্বের কথা তুলে ধরে মাসুদ খান বলেন, আর্থিক প্রতিবেদনের মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বর্তমান কাউন্সিল যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তবে নির্ধারিত মানদণ্ডগুলো কোম্পানিগুলো বাস্তবে যথাযথভাবে অনুসরণ করছে কি না, সে বিষয়ে আইসিএবিকে আরও সতর্ক ও যত্নশীল হতে হবে।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদনের উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ৩৫টি প্রতিষ্ঠানকে আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন