ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টই শেষ মুশফিকের

২০২৬ নভেম্বর ২৮ ১৯:৫৭:২৬
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টই শেষ মুশফিকের

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের হয়ে আর বেশি দিন সাদা পোশাকে দেখা যাবে না মুশফিকুর রহিমকে। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন দেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তবে এবার নিজের অবসরের ঘোষণা নিজে দেননি মুশফিক। বরং তাঁর অনুরোধেই সংবাদ সম্মেলনে এসে বিষয়টি প্রকাশ করেছেন তামিম। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন মুশফিক।

তামিম জানান, কয়েক দিন আগেই ফোন করে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়েছিলেন মুশফিক। এরপর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে। তামিম চেয়েছিলেন, মুশফিক সংবাদ সম্মেলন করে নিজেই তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন। এমনকি ফেসবুকে কোনো ঘোষণা না দেওয়ার অনুরোধও করেছিলেন তাঁকে।

তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে।’

আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন মুশফিক। কাকতালীয়ভাবে ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ২১ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হবে তাঁর টেস্ট ক্যারিয়ার।

বাংলাদেশের তিন সংস্করণেই অধিনায়কত্ব করেছেন মুশফিক। গত বছর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ৩টি দ্বিশতক ও ১৪টি শতকে ৩৮.৮০ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান।

তবে ক্যারিয়ারের শেষ দিকে সময়টা ভালো যাচ্ছিল না মুশফিকের। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর পরের ১১ ইনিংসে পেয়েছেন মাত্র একটি অর্ধশতক। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনাও বেড়েছিল। এর মধ্যেই টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

তবে মুশফিকের বিদায়কে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে মূল্যায়ন করতে চান না তামিম। বাংলাদেশের ক্রিকেটে তাঁর দীর্ঘদিনের অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতে চায় বিসিবি। তামিম বলেন, ‘তিনি শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, অনেক অনেক ক্রিকেটারের, এমনকি অসংখ্য বাচ্চাদের আদর্শ ও অনুপ্রেরণা। বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত তিনি।’

মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা ও বিতর্ক থাকলেও সেসবের চেয়ে অর্জনগুলোকে বড় করে দেখার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের কথা বিবেচনা করে আসুন, আমরা সবাই মিলে তাঁর অর্জনগুলো উদ্‌যাপন করি।’

প্রায় চার মিনিটের সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের বিষয়টি ছাড়া অন্য কোনো প্রসঙ্গে কথা বলেননি তামিম। তাঁর মতে, বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের বিদায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করা উচিত।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন