ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

টুইন টাওয়ারের একটি ভবন ভাড়া দেবে ন্যাশনাল ব্যাংক

২০২৬ জুলাই ২৭ ০৯:০৫:৪২
টুইন টাওয়ারের একটি ভবন ভাড়া দেবে ন্যাশনাল ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আর্থিক সংকট কাটিয়ে উঠতে রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ প্রকল্পের একটি ভবন বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অনুমতি পেয়েছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। বিশেষ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে। দেশের কোনো ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের অনুমতি এটিই প্রথম।

ব্যাংক সূত্রে জানা গেছে, দুটি ১২ তলা ভবনের একটিতে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তর করা হবে। অন্য ভবনটি ভাড়া দিয়ে নিয়মিত আয় করার পরিকল্পনা রয়েছে। এ থেকে অর্জিত আয় ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাংক কোম্পানি আইনে ব্যাংকের ভবন ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ না থাকায় সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে এ বিধান থেকে বিশেষ অব্যাহতি দিয়েছে।

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের মোট ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ খেলাপি, যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। এছাড়া ব্যাংকটির নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি রয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ২০২৪ সালে ব্যাংকটি ১ হাজার ৭০৬ কোটি টাকা লোকসান করে এবং এখনো সেই লোকসান কাটিয়ে উঠতে পারেনি।

২০১৪ সালে শুরু হওয়া টুইন টাওয়ার প্রকল্পের নির্মাণ ব্যয় ইতোমধ্যে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে টাওয়ার-১ ব্যবহারের উপযোগী করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। নতুন প্রধান কার্যালয়ে স্থানান্তরের পর বর্তমান কার্যালয়ের জন্য প্রতি মাসে প্রায় আড়াই কোটি টাকা ভাড়া বাবদ যে ব্যয় হয়, সেটিও সাশ্রয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন