ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৯:৫২:০৭
ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের

খেলাধুলা ডেস্ক : ২০২৬ সালের ব্যালন ডি’অরের বিভিন্ন বিভাগের মনোনয়ন ঘোষণা শুরু হয়েছে। এবারও তরুণ খেলোয়াড়দের জন্য কোপা ট্রফির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। টানা দুইবার এই পুরস্কার জেতা ইয়ামালের সামনে এবার হ্যাটট্রিকের সুযোগ।

অনূর্ধ্ব–২১ বছর বয়সী ফুটবলারদের দেওয়া হয় কোপা ট্রফি। গত দুই আসরে এই পুরস্কার জিতেছেন ইয়ামাল। এবারও ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় তাঁর সঙ্গে আছেন পিএসজির ওয়ারেন জাইর–এমেরি, বার্সেলোনার পাউ কুবারসি, বায়ার্ন মিউনিখের লেনার্ট কার্লসহ আরও কয়েকজন তরুণ প্রতিভা।

কোপা ট্রফির পুরুষ বিভাগ

আইয়ুব বুয়াদ্দি (লিল/ম্যানচেস্টার সিটি/মরক্কো), করিম আলাইবেগোভিচ (সালজবুর্গ/জুভেন্টাস/বসনিয়া), ইয়ান দিওমান্দে (লাইপজিগ/রিয়াল মাদ্রিদ/আইভরিকোস্ট), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), লেনার্ট কার্ল (বায়ার্ন/জার্মানি), এলি জুনিয়র ক্রুপি (বোর্নমাউথ/ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ/অ্যাস্টন ভিলা/সুইজারল্যান্ড), ইব্রাহিম মাজা (লেভারকুসেন/আলজেরিয়া) ও ওয়ারেন জাইর–এমেরি (পিএসজি/ফ্রান্স)।

নারী বিভাগেও পাঁচজনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গতবারের বিজয়ী বার্সেলোনার ভিকি লোপেজ এবারও আছেন তালিকায়। তাঁর সঙ্গে রয়েছেন ভিরা বুরমান, ফেলেসিয়া শ্রোডার, ক্লারা সেরাহর্দি ও লিলি ইয়োহানেস।

সেরা গোলরক্ষকের দৌড়ে ভোজিনিয়া

পুরুষ গোলরক্ষকদের সেরার পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় সবচেয়ে আলোচিত নাম কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা এই গোলরক্ষক এবার জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায়।

তালিকায় আছেন স্পেনের উনাই সিমোন ও দাভিদ রায়া, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, বেলজিয়ামের থিবো কোর্তোয়া এবং মরক্কোর ইয়াসিন বুনুও। তবে গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা এবার মনোনয়ন পাননি।

পুরুষ গোলরক্ষক: ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন) ও ভোজিনিয়া (জিডি শাভেস/কোলো–কোলো/কেপ ভার্দে)।

নারী গোলরক্ষকদের তালিকায় আছেন গতবারের বিজয়ী ইংল্যান্ডের হানা হ্যাম্পটন। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন অ্যান–কাটরিন বার্গার, কাতা কোল, লোরেনা ও আয়াকা ইয়ামাশিতা।

সেরা কোচের দৌড়ে আরতেতা, এনরিকে ও দে লা ফুয়েন্তে

ইয়োহান ক্রুইফ ট্রফির জন্য পুরুষ ও নারী—দুই বিভাগে পাঁচজন করে কোচের নাম ঘোষণা করা হয়েছে।

পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আরতেতা, পিএসজিকে ইউরোপসেরা করা লুইস এনরিকে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে, অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

পুরুষ কোচ: মিকেল আরতেতা (আর্সেনাল), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), উনাই এমেরি (অ্যাস্টন ভিলা), ভিনসেন্ট কোম্পানি (বায়ার্ন) ও লুইস এনরিকে (পিএসজি)।

নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন জোনাথন জিরালদেজ (লিওঁ), আন্দ্রে ইয়েগলার্টজ (ম্যানচেস্টার সিটি), নিলন নিলসেন (জাপান), পেরে রোমেউ (বার্সেলোনা) ও ইয়েলেনা সাদিকু (সেল্টিক ও বিকে হাকেন)।

সেরা ক্লাবের লড়াইয়েও বড় নাম

পুরুষ ও নারী বিভাগে সেরা ক্লাবের পুরস্কারের জন্য পাঁচটি করে ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে।

পুরুষ ক্লাব: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি।

নারী ক্লাব: বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ।

এবারের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি আগ্রহ অবশ্য পুরুষদের মূল পুরস্কার ঘিরেই। সেই তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে, ২০২৬ সালের ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কারের দৌড়ে কারা এগিয়ে থাকছেন।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন