ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

তোয়ালে পড়ে যাওয়ায় বোল্ড হয়েও আউট হলেন না বেনেট

২০২৬ অক্টোবর ২০ ১৯:৪৩:৩৫
তোয়ালে পড়ে যাওয়ায় বোল্ড হয়েও আউট হলেন না বেনেট

খেলাধুলা ডেস্ক : ক্রিকেটে বোল্ড হলে সাধারণত সাজঘরে ফিরতে হয় ব্যাটসম্যানকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অদ্ভুত এক ঘটনায় বোল্ড হয়েও আউট হতে হয়নি জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রায়ান বেনেটকে। কারণ, বল করার ঠিক আগে বোলার আজমতউল্লাহ ওমরজাইয়ের তোয়ালে পড়ে গিয়েছিল। এতে নিজের মনোযোগে ব্যাঘাত ঘটেছে বলে দাবি করেন বেনেট। পরে আম্পায়াররা ঘটনাটি পর্যালোচনা করে বলটিকে ‘ডেড বল’ ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের অষ্টম ওভারে। ওমরজাইয়ের বল সরাসরি আঘাত করে বেনেটের স্টাম্পে। বোলার ও ফিল্ডাররা আউটের উদ্‌যাপনও শুরু করেন। কিন্তু বেনেটের দাবি, বল করার ঠিক আগে ওমরজাইয়ের তোয়ালে পড়ে যাওয়ায় তাঁর মনোযোগ নষ্ট হয়েছিল।

নন-স্ট্রাইকে থাকা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও বিষয়টি আম্পায়ারদের নজরে আনেন। পরে মাঠের আম্পায়ার এহসান রাজা লেগ আম্পায়ার ফারুক খানের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে তাঁরা বলটিকে ‘ডেড বল’ ঘোষণা করেন। ফলে বোল্ড হয়েও উইকেট হারাতে হয়নি বেনেটকে।

আইসিসির ছেলেদের ওয়ানডে খেলার নিয়মের ২০.৪.২.৬ ধারা অনুযায়ী, ব্যাটসম্যান বল খেলার প্রস্তুতি নেওয়ার সময় বা বল খেলার মুহূর্তে কোনো শব্দ, নড়াচড়া কিংবা অন্য কোনো কারণে বিভ্রান্ত হলে আম্পায়ার ডেড বল ঘোষণা করতে পারেন। বিভ্রান্তির কারণ মাঠের ভেতরে বা বাইরেও হতে পারে।

তবে আম্পায়ারদের এই সিদ্ধান্ত নিয়ে ধারাভাষ্যকারদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। এক ধারাভাষ্যকারের মতে, বল খেলার আগে বেনেটের সরে যাওয়া উচিত ছিল। তাঁর যুক্তি, শট খেলার পর বোল্ড হয়ে বিষয়টি তোলার পরিবর্তে ব্যাটসম্যানের আগেই প্রতিক্রিয়া জানানো উচিত ছিল।

অন্যদিকে, আরেক ধারাভাষ্যকার সিদ্ধান্তটিকে যৌক্তিক বলে মনে করেছেন। তাঁর মতে, বল করার একেবারে শেষ মুহূর্তে তোয়ালে পড়ে যাওয়ায় ব্যাটসম্যানের মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। সে ক্ষেত্রে বেনেটের অভিযোগ বিবেচনায় নিয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়া বাস্তবসম্মত হয়েছে।

তবে এই সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি বেনেট। শেষ পর্যন্ত ৩১ রান করে ম্যাচের ১৩তম ওভারে আউট হন তিনি। তাঁর দল জিম্বাবুয়েও ম্যাচটি হারে ১৫৮ রানে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন