ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

উদ্দেশ্যহীন তদন্তে বিনিয়োগকারীদের ক্ষতি : ক্ষুব্ধ বিএসইসি

২০২৬ অক্টোবর ২৫ ২১:৪৫:০১
উদ্দেশ্যহীন তদন্তে বিনিয়োগকারীদের ক্ষতি : ক্ষুব্ধ বিএসইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : উদ্দেশ্যহীন তদন্তের মাধ্যমে শেয়ারবাজারে আতঙ্ক তৈরি করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওপর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে এ ধরনের তদন্ত না করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসির অনুমোদনের তুলনায় ডিএসইর অতিরিক্ত তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে।

রোববার (২৫ অক্টোবর) বিএসইসি ও ডিএসইর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, দুই কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) ও অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ডিএসইর উদ্দেশ্যহীন তদন্তের কারণে শেয়ারবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। অথচ তদন্ত শেষে অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো ফলাফল পাওয়া যায় না। ফলে এসব তদন্তের যৌক্তিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএসইসি।

চলতি বছরের তদন্ত কার্যক্রমের পরিসংখ্যানেও দুই সংস্থার মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। এ বছর বিএসইসি ৫০টি তদন্তের অনুমোদন দিলেও ডিএসই ১২০ থেকে ১৩০টি তদন্ত করেছে। অর্থাৎ, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত তদন্তের সংখ্যার তুলনায় ডিএসইর তদন্তের সংখ্যা দুই গুণেরও বেশি।

বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অনিয়ম শনাক্ত করার জন্য তদন্ত গুরুত্বপূর্ণ হলেও উদ্দেশ্যহীন তদন্ত বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। তদন্তের নামে বাজারে আতঙ্ক ছড়ালেও যদি শেষ পর্যন্ত সুনির্দিষ্ট অনিয়ম শনাক্ত না হয়, তাহলে এমন কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বৈঠকে ভবিষ্যতে এ ধরনের তদন্ত বন্ধে ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন