ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ

২০২৬ সেপ্টেম্বর ২৫ ০৯:৪৯:০৪
বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার পরিচিত অভিনেত্রী রাইমা সেন। ৪৭ বছর বয়সেও বিয়ে করেননি তিনি। তবে বিয়ে নিয়ে এখন আর কোনো তাগিদ অনুভব করেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা তৈরি হতে পারে—এমন সম্ভাবনা মাথায় রেখে অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণও করে রেখেছেন তিনি।

কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন রাইমা। বিয়ে নিয়ে তার বোন প্রায়ই মজা করেন জানিয়ে অভিনেত্রী বলেন, বর্তমান বয়সে এসে বিয়ের প্রয়োজনীয়তা আর অনুভব করেন না তিনি।

রাইমার ভাষায়, ‘কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’

মেয়ে বিয়ে না করায় মা অভিনেত্রী মুনমুন সেনের কোনো চিন্তা হয় কি না—এমন প্রশ্নের জবাবে রাইমা জানান, আগে মা বিষয়টি নিয়ে চিন্তা করতেন। তবে এখন পরিস্থিতি বদলেছে। বরং বিয়ের বিষয়ে তাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন মা।

রাইমা বলেন, ‘দেশ-দুনিয়ার অবস্থা দেখে মা এখন উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

তবে বিয়ে নিয়ে আগ্রহ না থাকলেও মা হওয়ার সম্ভাবনা একেবারে বাদ দিচ্ছেন না রাইমা। সন্তানদের ভালোবাসেন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নিজের মন বদলাতেও পারে।

অভিনেত্রীর কথায়, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’

ভবিষ্যতের সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন রাইমা। একই সঙ্গে মা হওয়ার জন্য বিয়েকে প্রয়োজনীয় মনে করেন না তিনি।

রাইমার ভাষায়, ‘সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’

অভিনয়ের ব্যস্ততাও রয়েছে রাইমার। সামনে তাকে দেখা যাবে ‘দ্য একেন : কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন