ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১১ বোয়িং কেনার চুক্তি

২০২৬ সেপ্টেম্বর ২৫ ০৯:৪০:২৮
১১ বোয়িং কেনার চুক্তি

বহরে আরও ১১টি নতুন উড়োজাহাজ যুক্ত করতে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে সম্পূরক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন এই চুক্তির পর বাংলাদেশ ও তুরস্কের বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, বাংলাদেশ ও তুরস্ক সম্মিলিতভাবে বোয়িংয়ের ১১১টি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার বিকল্প রাখা হয়েছে।

ট্রাম্পের ভাষ্য, এত বড় অঙ্কের এই বিক্রয়চুক্তি যুক্তরাষ্ট্রের রপ্তানি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বোয়িং এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের জন্যও এটিকে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের কথা ট্রাম্পের

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, বোয়িংয়ের এই বড় অঙ্কের রপ্তানি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।

এ ক্ষেত্রে মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো, দেশটি থেকে রপ্তানি বৃদ্ধি এবং মার্কিন শ্রমিকদের সুরক্ষার মাধ্যমে বোয়িংকে আরও শক্তিশালী ও টেকসই করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

একই সঙ্গে বোয়িং এবং প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান তিনি।

বিমানের বহরে যুক্ত হবে ১১ উড়োজাহাজ

এর আগে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

চুক্তির আওতায় পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বহর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ কেনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে বিমানের দীর্ঘপথের ওয়াইডবডি এবং স্বল্প ও মাঝারি দূরত্বের ন্যারোবডি উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়বে। এর ফলে আন্তর্জাতিক রুটে বিমানের বহর পরিচালনায় নতুন সক্ষমতা তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বোয়িংয়ের কাছ থেকে মোট অর্ডার ২৫টি

বোয়িং জানিয়েছে, চলতি বছরে এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে তাদের দ্বিতীয় উড়োজাহাজ ক্রয়চুক্তি।

এর আগে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান। নতুন ১১টি উড়োজাহাজের চুক্তি যুক্ত হওয়ায় বোয়িংয়ের কাছে বিমানের মোট অর্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।

নতুন চুক্তির মাধ্যমে একদিকে যেমন বিমানের বহর আধুনিকায়নের পরিকল্পনা এগোবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘপথ ও আঞ্চলিক রুট পরিচালনার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তবে নতুন উড়োজাহাজগুলো কবে নাগাদ বিমানের বহরে যুক্ত হবে এবং চুক্তির আর্থিক মূল্য কত—এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর ঘোষণায় আলাদাভাবে প্রকাশ করা হয়নি।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন