ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের

২০২৬ নভেম্বর ০৩ ০৮:৫১:০৩
সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেত্রী কৃতি স্যানন জানিয়েছেন, সিনেমায় সাহসী বা গ্ল্যামারাস দৃশ্যে অভিনয় করতে তাঁর আপত্তি নেই। তবে শুধু পর্দায় আকর্ষণীয়ভাবে হাজির হওয়ার জন্য এমন দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। গল্প ও চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি কতটা যুক্তিসংগত, সেটিই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় কৃতির বিকিনি পরা দৃশ্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে কোনো সিনেমায় তাঁকে এমন পোশাকে দেখা যায়নি। ফলে এত দিন কেন এ ধরনের দৃশ্যে অভিনয় করেননি, তা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে সেই প্রশ্নের জবাব দেন কৃতি। নিজের অভিনয়জীবন, পর্দায় উপস্থিতি এবং ‘ককটেল ২’-এর বিকিনি দৃশ্য নিয়ে কথা বলেন তিনি। কৃতি জানান, আগে এ ধরনের দৃশ্যে অভিনয় না করার পেছনে কোনো বিশেষ আপত্তি বা বাধা ছিল না। বরং চরিত্র ও গল্পের সঙ্গে দৃশ্যের সামঞ্জস্যকেই গুরুত্ব দিয়েছেন তিনি।

কৃতির মতে, পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন অভিনয়শিল্পীর নিজের থাকা উচিত। এ ক্ষেত্রে নিজের পছন্দ ও স্বচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো দৃশ্যে অভিনয়ের জন্য চাপ অনুভব করার বিষয়টিও তিনি সমর্থন করেন না।

শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত ‘ককটেল ২’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে সিনেমায় কৃতির নতুন লুক দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন