ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার

২০২৬ নভেম্বর ০১ ০৮:১৭:৫৬
জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : তালিকাভুক্তির পর টানা উত্থানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিয়ো প্ল্যাটফর্মসের শেয়ারের দাম দুই দিনে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দামের তুলনায় ২৭ শতাংশের বেশি বেড়েছে। একই দিনে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজারও। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স বেড়েছে ৯০৫ পয়েন্টের বেশি।

বৃহস্পতিবার লেনদেন শেষে জিয়ো প্ল্যাটফর্মসের শেয়ারের দাম দাঁড়ায় ১ হাজার ৪১৯ টাকা ৫০ পয়সা। আগের দিন বুধবার তালিকাভুক্তির সময় দাম ছিল ১ হাজার ৩৫৮ টাকা। আইপিওতে শেয়ারটির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১১৯ টাকা। সেই হিসাবে তালিকাভুক্তির পর দুই দিনে আইপিও দামের তুলনায় শেয়ারটির মূল্য বেড়েছে ২৬.৮৪ শতাংশ।

দুই দিনে শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ টাকা। বোম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সম্মিলিতভাবে জিয়ো প্ল্যাটফর্মসের শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূলধন বেড়ে প্রায় ১৩ লাখ ১০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। তালিকাভুক্তির দিনেই প্রতিষ্ঠানটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূলধনী তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হয়।

এদিকে বৃহস্পতিবার সেনসেক্স ৯০৫.০১ পয়েন্ট বা ১.২৪ শতাংশ বেড়ে ৭৪ হাজার ১৫১.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক বেড়েছে ২৩৭.৯০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ২২ হাজার ৯৩৬.৭৫ পয়েন্ট।

এদিন নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকও প্রায় ১ শতাংশ বেড়েছে। গাড়ি নির্মাণ খাত ছাড়া অধিকাংশ খাতের শেয়ারে উত্থান দেখা গেছে। সবচেয়ে বেশি বেড়েছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, কোটাক মাহিন্দ্রা ব্যাংক ও পাওয়ার গ্রিড করপোরেশনের শেয়ার। বিপরীতে দর কমেছে ট্রেন্ট, মারুতি সুজুকি, এসবিআই লাইফ ইনস্যুরেন্স ও হিন্দালকোর।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন