ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিমা কমিশনের প্রস্তাবে শেয়ারবাজারে বড় পতন

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১১:২৫:৫৬
বিমা কমিশনের প্রস্তাবে শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিমা খাতে কমিশন কমানোসহ নতুন কিছু বিধিনিষেধের প্রস্তাবকে কেন্দ্র করে ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনের লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স ১ হাজার ২৪৭ পয়েন্টের বেশি কমেছে। একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি-৫০-ও ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, বিমা খাতে কমিশন কমানো এবং লভ্যাংশের ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাবের প্রভাবেই বৃহস্পতিবার বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়ে যায়। বিশেষ করে বিমা ও আর্থিক খাতের শেয়ারে বড় ধরনের দরপতন দেখা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকেই ভারতের প্রধান দুই সূচকে পতন শুরু হয়। দুপুর দেড়টার মধ্যেই সেনসেক্স ১ হাজার ১০০ পয়েন্টের বেশি হারায়। দিন শেষে সূচকটি ১ হাজার ২৪৭ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ৭৩ হাজার ৫৮০ দশমিক ৫৪ পয়েন্টে নেমে আসে।

একইভাবে নিফটি-৫০ কমেছে ৩৮৩ দশমিক ৭০ পয়েন্ট। দিন শেষে সূচকটি ১ দশমিক ৬৪ শতাংশ কমে ২৩ হাজার ৬৩ দশমিক ১০ পয়েন্টে অবস্থান নেয়।

শুধু বড় কোম্পানির শেয়ার নয়, মাঝারি ও ছোট কোম্পানির শেয়ারেও ব্যাপক বিক্রির চাপ দেখা গেছে। ভারতের প্রধান শিল্পভিত্তিক সূচকগুলোর মধ্যে ১৬টির ১৪টিই এদিন কমেছে। নিফটি মিডক্যাপ-৫০, মিডক্যাপ-১০০ এবং স্মলক্যাপ-১০০ সূচক যথাক্রমে ২ দশমিক ৫৭, ২ দশমিক ২৫ এবং ১ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

বাজারে বিনিয়োগকারীদের আতঙ্কের মাত্রাও বেড়েছে। ভারতের শেয়ারবাজারের অস্থিরতা পরিমাপের সূচক ‘ইন্ডিয়া ভোলাটিলিটি ইনডেক্স’ বা ইন্ডিয়া ভিআইএক্স এদিন ২২ শতাংশের বেশি বেড়েছে। দিন শেষে সূচকটি ১২ দশমিক ৬৪ পয়েন্টে উঠে আসে।

এর আগে বুধবার জীবন, স্বাস্থ্য ও গাড়ির বিমা খাতে কমিশন কমানোসহ বেশ কিছু নতুন শর্তের প্রস্তাব সামনে আসে। এসব প্রস্তাব কার্যকর হলে বিমা কোম্পানিগুলোর আয় ও মুনাফায় প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার বিক্রির প্রবণতা বাড়ে।

বিমা কোম্পানির পাশাপাশি এ খাতের সঙ্গে যুক্ত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের শেয়ারেও চাপ দেখা গেছে। এদিন পিবি ফিনটেকের শেয়ারের দাম ৩৪ শতাংশ কমেছে। একইভাবে ম্যাক্স ফিনান্সিয়ালের শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৭১ শতাংশ।

ব্যাংকিং খাতের বড় কোম্পানিগুলোর মধ্যেও দরপতন হয়েছে। অ্যাক্সিস ব্যাংকের শেয়ার ৪ দশমিক ০৯ শতাংশ এবং এইচডিএফসি ব্যাংকের শেয়ার ১ দশমিক ০১ শতাংশ কমেছে।

এ ছাড়া বজাজ ফিনসার্ভের শেয়ারের দাম ৪ দশমিক ৩৩ শতাংশ এবং বজাজ ফিনান্সের শেয়ার ৫ দশমিক ৮৭ শতাংশ কমেছে।

ফলে বিমা খাতকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্রির চাপ দিনের লেনদেনে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারেও ছড়িয়ে পড়ে। এর প্রভাবেই ভারতের প্রধান দুই শেয়ারসূচকে বড় পতন দেখা গেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন