ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরে দাঁড়ালেন বাপ্পারাজ

২০২৬ জুন ০৪ ০৮:২০:৪৪
সরে দাঁড়ালেন বাপ্পারাজ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় আগামীর সময়কে বাপ্পারাজ জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও কাজের চাপের কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনী কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে যুক্ত হওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে কারণেই তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এর আগে চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাপ্পারাজ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে বাপ্পারাজ বলেন, ‘শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। আমি সব সময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। সবাই যেন ভালোভাবে নির্বাচন করতে পারেন—এই কামনা রইল।’

তার এই সিদ্ধান্তের পর চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা আলোচনা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন প্যানেল ও সম্ভাব্য প্রার্থীদের ঘিরে আলোচনা দিন দিন জোরালো হচ্ছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে