ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’

২০২৬ আগস্ট ২২ ০৯:৪৮:০৭
বিডা-বেজা-পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের সেবা আরও সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করা হয়েছে। তিন সংস্থার সমন্বয়ে গঠন করা হয়েছে নতুন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ (আইবি)।

প্রশাসনিক জটিলতা কমানো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সমন্বিত সেবা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। এর আগে গত ১৬ জুলাই জাতীয় সংসদে আইনটি পাস হয় এবং পরে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।

বিলুপ্ত তিন কর্তৃপক্ষ

নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬; বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০; বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮।

একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে বিডা, বেজা ও পিপিপিএ। এসব সংস্থার প্রশাসনিক কার্যক্রম, সম্পদ, দায়-দেনা, চুক্তি, মামলা এবং কর্মকর্তা-কর্মচারীদের নতুন কর্তৃপক্ষের কাঠামোর সঙ্গে একীভূত করা হয়েছে।

নতুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিভিন্ন সরকারি সেবা ও অনুমোদন পাওয়ার প্রক্রিয়া আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গভর্নিং বোর্ড

আইনের অধীনে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের গভর্নিং বোর্ডের সভাপতি থাকবেন প্রধানমন্ত্রী।

বোর্ডে অর্থ, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বেসরকারি খাতের চারজন প্রতিনিধি—যাঁদের মধ্যে দুজন নারী—বোর্ডে থাকবেন।

অন্যদিকে, কর্তৃপক্ষের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন।

সরকারের আশা, তিন সংস্থার কার্যক্রম একীভূত হওয়ার ফলে বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন