ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন

২০২৬ আগস্ট ২০ ০৮:২২:০৫
এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন

খেলাপি ঋণগ্রহীতা হওয়া সত্ত্বেও এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার-১ লিমিটেডের জন্য ৩১ লাখ ৯৭ হাজার ৬৫১ ডলারের ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ ক্ষেত্রে এলসি খোলার আগে শতভাগ নগদ মার্জিন জমা দিতে হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের মাধ্যমে এলসি খোলার এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, এস এস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংক ১০০ শতাংশ মার্জিনে আমদানি এলসি খুলতে পারবে। এ ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার বিধান কার্যকর হবে না।

আইনের ওই ধারায় খেলাপি ঋণগ্রহীতাকে নতুন করে ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ অনুমতির ফলে এস এস পাওয়ারের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। এর বড় একটি অংশ বর্তমানে খেলাপি ঋণে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রুপটির একটি প্রতিষ্ঠানের জন্য এলসি খোলার অনুমতি দেওয়া হলো।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এস এস পাওয়ারকে দেওয়া এই ঋণসুবিধার কোনো দায় সরকার বা বাংলাদেশ ব্যাংক নেবে না। ফলে ভবিষ্যতে এ ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না রূপালী ব্যাংক।

চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত এস এস পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এস আলম গ্রুপ ও চীনের একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন