ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ

২০২৬ নভেম্বর ০৯ ০৯:২১:১৩
৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রায় ৪৫ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এ প্রকল্পের আওতায় দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে। নতুন হাসপাতাল ভবন নির্মাণের পাশাপাশি পুরোনো ভবন পুনর্নির্মাণ, শয্যাসংখ্যা বাড়ানো এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হবে।

‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৪ হাজার ৭৫৭ কোটি টাকা। গত ২৮ অক্টোবর প্রকল্পটি নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিভিন্ন ব্যয়কে অতিরিক্ত বিবেচনা করে কমানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৪৬৫ কোটি টাকার রাজস্ব ব্যয়, প্রতিটি উপজেলায় ৬ থেকে ৭ কোটি টাকার আসবাবপত্র এবং ২৮ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ২ কোটি টাকার বৈদেশিক প্রশিক্ষণ ও পরামর্শক খাতের ব্যয় বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

পিইসি সভা সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলা ও বিভাগীয় হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে নিরাপদ মাতৃত্ব, সিজারিয়ান ও অন্যান্য অস্ত্রোপচার, নবজাতক ও শিশুর চিকিৎসাসেবা বাড়ানো সম্ভব হবে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি জরুরি, সংক্রামক, হৃদরোগ, স্ট্রোক ও দুর্ঘটনাজনিত রোগের চিকিৎসাও উপজেলা পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় উপজেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা ও ক্যানসার শনাক্তকরণ কক্ষ চালুর পরিকল্পনা করা হয়েছে। পুরুষ ও নারী রোগীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবার পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), হৃদ্‌রোগীদের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র (সিসিইউ), এক জায়গায় জরুরি চিকিৎসাসেবা এবং আধুনিক অস্ত্রোপচার কক্ষ গড়ে তোলা হবে।

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ৩০৫টি উপজেলায় আটতলা ভিতবিশিষ্ট সাততলা নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে থাকবে ১০১ শয্যা। এ ছাড়া ৮৩টি উপজেলায় জরাজীর্ণ ৩১ শয্যার হাসপাতাল ভবন ভেঙে ১৩২ শয্যার নতুন সাততলা ভবন নির্মাণ করা হবে। আরও ১৩টি উপজেলায় ১২০ শয্যা, ৯টি উপজেলায় ১৫১ শয্যা এবং ১৮টি উপজেলায় ৫১ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নতুন সৃষ্ট ১৫টি উপজেলাসহ মোট ২০টি উপজেলায় ৫৫ একর জমি অধিগ্রহণ করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৩৩০ কোটি টাকা। এ ছাড়া হাসপাতালগুলোতে কেন্দ্রীয় চিকিৎসা গ্যাস সরবরাহ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন শোধনাগার, নিরাপদ পানি, নালা-নর্দমা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।

পিইসি সভায় আর্থসামাজিক অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব ড. শাহ হেলাল উদ্দীন জানান, প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি প্রস্তাব করেছে।

সভায় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানান, মাঠপর্যায়ের সমীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলোর বয়স পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, ১৯৬১ সালের আগে নির্মিত ভবন ১ শতাংশ, ১৯৬১ থেকে ১৯৮০ সালের মধ্যে নির্মিত ২৬ শতাংশ, ১৯৮১ থেকে ১৯৯০ সালের মধ্যে ১৭ শতাংশ, ১৯৯১ থেকে ২০০০ সালের মধ্যে ৫ শতাংশ এবং ২০০১ সালের পর নির্মিত ভবন ৫১ শতাংশ।

এই সমীক্ষার ভিত্তিতে কোন উপজেলায় কত শয্যার হাসপাতাল প্রয়োজন, তা নির্ধারণ করা হয়েছে। নতুন সৃষ্ট ১৫টি উপজেলায় হাসপাতাল ভবনের পাশাপাশি চিকিৎসকদের আবাসিক ভবন, নার্সদের আবাসন, সুপিরিয়র ডরমিটরি, কর্মচারীদের আবাসিক ভবন এবং মসজিদ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে ৪৪৩টি উপজেলায় হাসপাতাল ভবন নির্মাণ করা হবে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন