ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভাঙায় কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়ার সিইও

২০২৬ নভেম্বর ২৬ ০৮:৫১:২১
আচরণবিধি ভাঙায় কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়ার সিইও

অর্থ বাণিজ্য প্রতিবেদক : নিজের প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তিনি বলেছেন, নিজের সহায়তায় তৈরি আচরণবিধি নিজেই ভাঙা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় তিনি মনোবিদের পরামর্শও নিচ্ছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে এক ঘণ্টার কর্মীসভায় এসব কথা বলেন হুয়াং। সভায় প্রতিষ্ঠানের কর্মীরাও উপস্থিত ছিলেন। সেখানে তিনি নিজের আচরণকে গুরুতর ভুল হিসেবে স্বীকার করেন এবং বলেন, ‘আমি এমন কিছু গুরুতর ভুল করেছি, যা গ্রহণযোগ্য নয়।’

সভায় হুয়াং জানান, প্রতিষ্ঠানের যে আচরণবিধি তৈরিতে তিনি নিজে সহায়তা করেছিলেন, সেটিই তিনি লঙ্ঘন করেছেন। এমন আচরণ তাঁর করা উচিত হয়নি বলেও কর্মীদের কাছে স্বীকার করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হুয়াংকে আবার এনভিডিয়ার নেতৃত্বে ফিরিয়ে আনতে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের রাজি করিয়েছেন। তবে মঙ্গলবারের কর্মীসভায় ট্রাম্পের এই দাবি নাকচ করেন হুয়াং।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ নভেম্বর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছিলেন হুয়াং। তবে দেড় সপ্তাহের মধ্যেই ২৩ নভেম্বর তাঁকে আবার এনভিডিয়ার সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিনিয়োগকারী ও প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছিল। এতে মার্কিন শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়ে। তবে সেই উত্থান স্থায়ী হয়নি। মঙ্গলবার বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে যায়। একই দিনে এআই খাতের অন্যান্য শেয়ারেও বড় দরপতন দেখা যায়।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন