ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং

২০২৬ সেপ্টেম্বর ১৭ ২০:১৫:৫১
৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং

খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনের ফিটজরয় নদীতে রয়েছে প্রায় ৫০০ নোনাপানির কুমির। সেই নদীতেই অনুষ্ঠিত হবে ২০৩২ ব্রিসবেন অলিম্পিক ও প্যারালিম্পিকের রোয়িং ও ক্যানোয়িংয়ের কিছু ইভেন্ট। ব্রিসবেন থেকে প্রায় ৫৬৫ কিলোমিটার দূরের এই নদীকে কারিগরি মূল্যায়নের পর ক্যানোয়িংয়ের জন্য উপযুক্ত বলে অনুমোদন দেওয়া হয়েছে।

তবে ভেন্যু মূল্যায়নের সময় কুমিরের উপস্থিতিকে আলাদা কোনো ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়নি। পর্যালোচনায় মূলত অলিম্পিক চলাকালীন এবং তার আগের সময়ের আবহাওয়া, পানির স্তর ও বন্যার ঝুঁকি যাচাই করা হয়েছে।

গেমস ইনডিপেনডেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশন অথরিটি জানিয়েছে, ফিটজরয় নদীর এই শান্ত পানির অংশটি আগে থেকেই বিভিন্ন নৌকাবাইচ ও প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। স্কুল পর্যায়ের প্রতিযোগিতা, স্থানীয় রেগাটা এবং জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরও এখানে অনুষ্ঠিত হয়।

স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, নদীতে কুমিরের উপস্থিতি নতুন কোনো বিষয় নয়। নিয়মিত রোয়িংয়ের ভেন্যু হিসেবে ব্যবহারের কারণে কুমির দেখা গেলে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে, সে জন্য জরুরি ব্যবস্থা বা কন্টিনজেন্সি পরিকল্পনাও রয়েছে। অলিম্পিক কর্মকর্তারাও অ্যাথলেটদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন।

ওয়ার্ল্ড রোয়িং এবং প্যাডেল ওয়ার্ল্ডওয়াইড—দুই আন্তর্জাতিক সংস্থাই ভেন্যুটিকে অনুমোদন দিয়েছে। ওয়ার্ল্ড রোয়িংয়ের সভাপতি জিন-ক্রিস্টোফ রোল্যান্ড বলেন, বিস্তৃত বিশ্লেষণের পর তাঁরা নিশ্চিত হয়েছেন যে অলিম্পিক ও প্যারালিম্পিকের রোয়িংয়ের নিয়ম মেনেই ফিটজরয় নদীতে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব।

প্যাডেল ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি টমাস কোনিয়েটজকো বলেন, কারিগরি মূল্যায়নের পর অ্যাথলেটদের আত্মবিশ্বাস বেড়েছে। ক্যানো স্প্রিন্টের জন্য নদীটি উপযুক্ত একটি ট্র্যাক হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফিটজরয় নদীর কুমির নিয়ে অবশ্য আগেও আলোচনা হয়েছে। ব্রিসবেন ২০৩২-এর সভাপতি অ্যান্ড্রু লিভারিস গত বছর বিষয়টি নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেছিলেন, সমুদ্রে হাঙর থাকলেও সার্ফিং বন্ধ করা হয় না।

ফিটজরয়ের ‘সল্টি’ নামে পরিচিত নোনাপানির কুমির স্বাদু ও লোনা—দুই ধরনের পানিতেই থাকতে পারে। বড় আকারের এসব কুমির ছয় মিটারের বেশি লম্বা হতে পারে। ফলে ২০৩২ অলিম্পিকে অ্যাথলেটদের জন্য রোয়িংয়ের পাশাপাশি কুমিরের উপস্থিতিও থাকবে বাড়তি এক চ্যালেঞ্জ।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন