ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৯:৩৪:৪৩
অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ

খেলাধুলা ডেস্ক : বয়স ৩৭ পেরিয়েছে। তবু ব্যাট হাতে এখনো অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নাম স্টিভেন স্মিথ। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজেও দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

আগামী ১১ মাসে ২২টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এর মধ্যে আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজও রয়েছে। কিন্তু সেই সিরিজ পর্যন্ত খেলবেন কি না, সেটিই এখন নিশ্চিত করে বলতে পারছেন না স্মিথ।

‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, তিনি এখন সিরিজ ধরে ধরে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। অ্যাশেজে খেলবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

স্মিথ বলেন, ‘আমি সেখানে (আগামী অ্যাশেজে) থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে ধরে ভাবছি, আর বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। ওই সময়টা এখনো আমার জন্য অনেক দূরে।’

তবে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের স্বাদ নিতে চান এই তারকা ব্যাটসম্যান। তাঁর কথায়, ‘ইংল্যান্ডে সিরিজ জেতার স্বাদ পেলে তা ভালোই লাগবে। তবে এটা সত্যি বাস্তবে হয় কি না, তা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।’

টেস্ট ক্রিকেটে অবশ্য নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সন্তুষ্ট স্মিথ। ১২৫ টেস্টে ৫৪ গড়ে তাঁর রান ১০ হাজারের বেশি। করেছেন ৩৭টি শতকও। টেস্ট থেকে বিদায়ের পর তাই সাদা বলের ক্রিকেট, বিশেষ করে টি-টোয়েন্টিতে আরও কিছুদিন খেলে যেতে চান তিনি।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। তখন স্মিথের বয়স হবে ৩৯-এর বেশি। সেই অলিম্পিকেই খেলতে চান তিনি।

স্মিথ বলেন, ‘এই মুহূর্তে অলিম্পিকই হয়তো একমাত্র জায়গা, আমি যার অংশ হতে চেষ্টা করতে চাই। ইউরোপিয়ান লিগে খেলার অন্যতম প্রধান কারণও যতটা সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়া।’

অবসরের পর কী করবেন, সেটিও এখনো ঠিক করেননি স্মিথ। তাঁর ব্যাটিং-জ্ঞান ও অভিজ্ঞতার কারণে অনেকেই তাঁকে ভবিষ্যতে কোচ হিসেবে দেখছেন। তবে স্মিথ নিজেই বলছেন, এখনই ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না।

‘আমি এখনো ভাবি যে আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলে যেতে পারব। খেলা ছাড়ার পর আমার ভবিষ্যৎ কী? আমি নিশ্চিত নই। তবে আশা করছি, খেলোয়াড় হিসেবে আরও কিছুটা সময় বাকি আছে।’

প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অবশ্য গর্বিত স্মিথ। তাঁর ভাষায়, ‘খেলায় আমি অনেক কিছু অর্জন করেছি। গত ১৫ বছর বা তার কাছাকাছি সময়ের এই পথচলাটা দুর্দান্ত ছিল।’

তবে অ্যাশেজ পর্যন্ত তিনি থাকবেন কি না, সেই উত্তর আপাতত সময়ের কাছেই রেখে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন